জামালপুরে স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন

জামালপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০১ নভেম্বর ২০২৬, ১৫:৪৩
অ- অ+

জামালপুরের দেওয়ানগঞ্জে এক স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণের দায়ে মো. মাহমুদুল হাসান সাকিল (২৮) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

রবিবার (১ নভেম্বর) দুপুরে এ রায় ঘোষণা করেন জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মুহাম্মদ আবদুর রহিম। তবে রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন না।

দণ্ডপ্রাপ্ত মাহমুদুল হাসানের বাড়ি শেরপুরের শ্রীবরদী উপজেলার সাতানি মুথুরাদি এলাকায়।

এসব তথ্য জানিয়েছেন জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর (পিপি) ফজলুল হক।

মামলার এজাহার থেকে জানা গেছে, ২০১৯ সালের ১২ মে সন্ধ্যায় উপজেলার তারাটিয়া বাজার এলাকা থেকে ওই স্কুলছাত্রী নিখোঁজ হয়। বিয়ে করার প্রলোভন দেখিয়ে সাকিল তাকে অপহরণ করেন। পরে শেরপুরের শ্রীবরদী উপজেলার একটি বাড়িতে নিয়ে তাকে ধর্ষণ করেন। এরপর টঙ্গীর দেউরা এলাকার একটি ভাড়া বাসায় আটকে রেখে একাধিকবার ধর্ষণ করা হয়।

এ ঘটনায় দেওয়ানগঞ্জ মডেল থানায় জিডি করেন স্কুলছাত্রীর বাবা। পরে ওই বছরের ১৯ মে দেউরা এলাকার ওই ভাড়া বাসা থেকে পুলিশ মেয়েটিকে উদ্ধার করে।

জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর (পিপি) ফজলুল হক বলেন, ধর্ষণের মামলায় মাহমুদুল হাসান সাকিলকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫ লাখ টাকা জরিমানা করেছেন আদালত। জরিমানার অর্থ ভুক্তভোগী পাবেন।

(ঢাকা টাইমস/১নভেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জুলাই আন্দোলনে তরুণকে টেনেহিঁচড়ে গ্রেপ্তার, সেই আবু তালেব এখন কলাপাড়া সার্কেলের এএসপি
হতাশ হওয়ার কিছু নেই, আরো যত্নবান হলেই ফলাফল ভালো হবে: এন ইউ ভিসি
আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফিরছেন ৩ জেলার ৭০ চরমপন্থি
সুনামগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ ৮ জনকে গ্রেপ্তার