কর্মস্থলে অনুপস্থিতি
বিপ্লব, ইকবাল, সুদীপ, রুহানীসহ ছয় পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত

কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে পুলিশের ছয় কর্মকর্তাকে বরখাস্ত করেছে সরকার।
বুধবার (১২ আগস্ট) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পৃথক ছয়টি প্রজ্ঞাপনে তাদের বরখাস্তের আদেশ দেওয়া হয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী প্রজ্ঞাপনগুলোতে সই করেছেন।
বরখাস্ত হওয়া ছয় কর্মকর্তা হলেন—ডিএমপির সাবেক যুগ্ম পুলিশ কমিশনার ও বর্তমানে বরিশাল রেঞ্জের ডিআইজি কার্যালয়ে সংযুক্ত বিপ্লব কুমার সরকার, একই পদমর্যাদার কর্মকর্তা ও বরিশাল রেঞ্জের ডিআইজি কার্যালয়ে সংযুক্ত সুদীপ কুমার চক্রবর্তী, ডিএমপির ওয়ারী বিভাগের সাবেক উপপুলিশ কমিশনার (ডিসি) ও বর্তমানে খুলনা রেঞ্জের ডিআইজি কার্যালয়ে সংযুক্ত মোহাম্মদ ইকবাল হোসাইন, ডিএমপির উত্তরা বিভাগের সাবেক ডিসি ও বর্তমানে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি কার্যালয়ে সংযুক্ত কাজী আশরাফুল আজীম, কক্সবাজার এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার রাজন কুমার দাস এবং ডিএমপির সাবেক সহকারী পুলিশ কমিশনার মো. গোলাম রুহানী।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, কর্মস্থলে অনুপস্থিত থাকার কারণে তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
সরকারের পৃথক ছয়টি আদেশে এই বরখাস্তের সিদ্ধান্ত জানানো হয়েছে। প্রজ্ঞাপনগুলো বুধবার জারি করা হয়।
এদিকে ২০২৪ সালে ছাত্র-জনতার আন্দোলনে টিকতে না পেয়ে পালিয়ে যায় শেখ হাসিনা। পতন হয় আওয়ামী লীগ সরকারের। তারপর থেকে আত্মগোপনে চলে যায় পুলিশের বহু কর্মকর্তা। ধারণা করা হয় বরখাস্ত ছয় কর্মকর্তা বর্তমানে পাশ্ববর্তী দেশে আত্মগোপনে রয়েছেন।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































