জয়মনির ঘোলে নিরাপদ পানির সংকট নিরসনে কোস্ট গার্ডের উদ্যোগ

বাগেরহাটের মোংলা উপজেলার জয়মনির ঘোল এলাকায় স্থানীয় বাসিন্দাদের নিরাপদ সুপেয় পানির সুবিধা নিশ্চিত করতে একটি আধুনিক রিভার্স অসমোসিস (আরও) প্ল্যান্ট স্থাপন করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
মঙ্গলবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমান সরকারের জনকল্যাণমূলক কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার সকাল ১১টার দিকে কোস্ট গার্ড বেইস মোংলার উদ্যোগে মোংলা থানার জয়মনির ঘোল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে প্ল্যান্টটি স্থাপন করা হয়। দীর্ঘদিন ধরে ওই এলাকার বাসিন্দারা নিরাপদ সুপেয় পানির সংকটে ভুগছিলেন।
কোস্ট গার্ড জানায়, আরও প্ল্যান্টটি চালু হওয়ায় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের পাশাপাশি আশপাশের স্থানীয় বাসিন্দারাও বিশুদ্ধ সুপেয় পানি ব্যবহার করতে পারবেন। এতে সুপেয় পানির সংকট কিছুটা লাঘব হওয়ার পাশাপাশি পানিবাহিত রোগ প্রতিরোধ এবং স্বাস্থ্যসম্মত জীবনযাপনে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, উপকূলীয় ও নদীতীরবর্তী অঞ্চলের মানুষের কল্যাণে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের জনসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখবে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































