চট্রগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান মিতা গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের গুলশান বিভাগ।
সোমবার রাত দেড়টার দিকে গুলশান-২ এলাকার ৪৩ নম্বর রোডের একটি বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মঙ্গলবার ডিবি গুলশান বিভাগের উপ-কমিশনার (ডিসি) আ.ফ.ম আনোয়ার হোসেন খাঁন (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) ঢাকা টাইমসকে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত রাতে গুলশান-২ এলাকার ৪৩ নম্বর রোডের ২৯ নম্বর বাসায় অভিযান চালানো হয়। অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার করা হয়।
তিনি জানান, গ্রেপ্তারের পর তাকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেয়া হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
গ্রেপ্তারকৃত আসামি চট্রগ্রামের সন্দ্বীপ থানার একাধিক মামলার এজাহারনামীয় আসামি বলে জানা গেছে।
কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের মনোনয়নে চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসন থেকে ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন মাহফুজুর রহমান মিতা। একাদশ জাতীয় সংসদে তিনি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ছিলেন।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













