আদাবরে চাপাতি-সামুরাই নিয়ে পুলিশের ওপর হামলার চেষ্টা, পাল্টা গুলিতে ২ জন গুলিবিদ্ধ, গ্রেপ্তার চার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩১| আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:০২
অ- অ+

রাজধানীর আদাবরে বাড়ি দখলের চেষ্টাকে কেন্দ্র করে ভাঙচুর ও চাঁদাবাজির মামলায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তির একপর্যায়ে গুলি ছোড়া হলে দুজন গুলিবিদ্ধ হন। তাদের পায়ে গুলি লেগেছে বলে জানিয়েছে পুলিশ।

সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে আদাবর থানাধীন নবোদয় হাউজিং কাঁচাবাজার সংলগ্ন মেলার মাঠের পেছনে খালপাড়ের ফাঁকা জায়গায় এ ঘটনা ঘটে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রাজিব হাওলাদার (৩০), সাগর ওরফে ছোট বিগার (২৪), শাকিব (২৩) ও রাশেদ (২৪)। তাদের মধ্যে রাজিব ও সাগরের পায়ে গুলি লেগেছে। আহত দুজনকে চিকিৎসার জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশের ভাষ্য, আদাবর থানার ২৭ সেপ্টেম্বরের মামলায় দণ্ডবিধির ১৪৩, ১৪৮, ১৪৯, ৪৪৭, ৩৮৫, ৪২৭, ৫০৬ ও ১১৪ ধারায় আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হচ্ছিল। রাত দুইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, মামলার কয়েকজন আসামি নবোদয় হাউজিং কাঁচাবাজার সংলগ্ন মেলার মাঠের পেছনে খালপাড়ে অবস্থান করছেন।

পরে পুলিশ সেখানে অভিযান চালায়। পুলিশের দাবি, ঘটনাস্থলে ৭ থেকে ৮ জনকে দেখতে পায় তারা। তাদের গ্রেপ্তারের চেষ্টা করলে তারা চাপাতি নিয়ে পুলিশের ওপর হামলার চেষ্টা করেন। এ সময় আত্মরক্ষার্থে পুলিশের কনস্টেবল মোশরেকুল ইসলামের হাতে থাকা শটগান দিয়ে দুই রাউন্ড গুলি ছোড়া হয়। এতে দুজন আহত হন। পরে ঘটনাস্থল থেকে চারজনকে গ্রেপ্তার করা হয়। অন্যরা পালিয়ে যান।

পুলিশ ঘটনাস্থল থেকে স্টিলের ধারালো চাপাতি, সামুরাই ও কিরিস উদ্ধার করেছে বলে জানিয়েছে।

আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম জাহাঙ্গীর জানান, গ্রেপ্তার চারজনের মধ্যে সাগর ওরফে ছোট বিগারের নামে আদাবর ও মোহাম্মদপুর থানায় মোট আটটি মামলা রয়েছে। রাজিব হাওলাদার আলোচিত মোহাম্মদপুরের বাবু হত্যা মামলার এজাহারভুক্ত এক নম্বর আসামি। শাকিব ও রাশেদের নামেও পাঁচটি করে মামলা রয়েছে।

আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ। পুলিশের দাবি, ঘটনার পর এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
খুলনায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৩ জনের
শিক্ষানবিশ ৭২ সহকারী পুলিশ সুপারকে পদায়ন
সিরাজগঞ্জে সার মজুতের কারণে জামায়াত নেতার পদ বাতিল 
ফের বাড়ল এলপিজির দাম, ১২ কেজি সিলিন্ডার ১ হাজার ৮৩৭ টাকা