হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র হামলা

হরমুজ প্রণালিতে একটি বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সামরিক বাহিনীর দাবি, ইরানের বিরুদ্ধে আরোপিত নিষেধাজ্ঞা লঙ্ঘন করে জাহাজটি ওমান উপসাগর থেকে ইরানের একটি বন্দরের দিকে যাচ্ছিল। এ কারণে জাহাজটিকে লক্ষ্যবস্তু করা হয়। খবর আল জাজিরার।
মার্কিন সামরিক বাহিনীর মধ্যপ্রাচ্যবিষয়ক কমান্ড ইউএস সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, নৌবাহিনীর একটি হেলিকপ্টার পানামার পতাকাবাহী ‘ভেলা নোভা’ নামের কার্গো জাহাজটিতে দুটি হেলফায়ার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এতে জাহাজটির ইঞ্জিন রুম ক্ষতিগ্রস্ত হলে সেটি অচল হয়ে পড়ে।
সেন্টকমের ভাষ্য অনুযায়ী, জাহাজটির নাবিকদের একাধিকবার সতর্ক করা হয়েছিল। তবে তারা সেই সতর্কতা উপেক্ষা করে ইরানের একটি বন্দরের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করেন। পরে জাহাজটিতে হামলা চালানো হয়।
হামলায় জাহাজের নাবিকদের কেউ আহত হয়েছেন কি না, তা এখনো নিশ্চিত করা হয়নি।
সেন্টকম জানিয়েছে, ইরানের বন্দরগুলোর ওপর মার্কিন নৌ অবরোধ চলাকালে তাদের বাহিনী এখন পর্যন্ত ৫৫টি বাণিজ্যিক জাহাজ অচল করেছে এবং দুটি জাহাজ জব্দ করেছে।
সাম্প্রতিক সংঘাত পুনরায় শুরু হওয়ার পর যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোর ওপর নৌ অবরোধ আবারও কার্যকর করেছে। একই সময়ে ইরানও হরমুজ প্রণালিতে পুনরায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এর আগে জুনের সমঝোতার আওতায় যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ এবং হরমুজ প্রণালিতে ইরানের নিয়ন্ত্রণ—দুই ধরনের পদক্ষেপই প্রত্যাহার করা হয়েছিল। দীর্ঘমেয়াদি শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে নতুন করে আলোচনা শুরু করা এবং ইরানের পারমাণবিক কর্মসূচিকে ঘিরে নিষেধাজ্ঞার ভবিষ্যৎ নির্ধারণ ছিল ওই সমঝোতার অন্যতম উদ্দেশ্য।
তবে নতুন করে সংঘাত শুরু হওয়ায় ওই সমঝোতার কার্যকারিতা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে এবং হরমুজ প্রণালিতে আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ চলাচলও নতুন করে ঝুঁকির মুখে পড়েছে।
(ঢাকাটাইমস/১২ আগস্ট/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































