ফুটপাতে দোকান নির্মাণের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: সিডিএ চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২২ জুন ২০২৬, ২১:২৬
অ- অ+

চট্টগ্রাম নগরের অক্সিজেন-কুয়াইশ সড়কে ফুটপাত ও পানি চলাচলের ড্রেন দখল করে অবৈধভাবে দোকান নির্মাণ করায় ক্ষোভ প্রকাশ করেছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন। তিনি বলেছেন, ফুটপাত ও ড্রেন দখল করে দোকান নির্মাণের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সোমবার অক্সিজেন-কুয়াইশ সড়কের সংস্কার কাজ পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন। এ সময় ফুটপাত ও ড্রেন দখলমুক্ত করতে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের তাৎক্ষণিক নির্দেশনা দেন।

পরিদর্শনকালে সিডিএ চেয়ারম্যান বলেন, কিছু মানুষের অপকর্মের দায় সিডিএ’র ওপর বর্তায়। যেখানে রাস্তার পানি ড্রেনে নামার কথা, সেখানে বিভিন্নভাবে পথ বন্ধ করে দেওয়া হয়েছে। ড্রেনের প্রবেশমুখ ময়লা-আবর্জনা দিয়ে ভরাট করায় পানি নিষ্কাশনের স্বাভাবিক ব্যবস্থা বাধাগ্রস্ত হচ্ছে।

সিডিএ সূত্র জানায়, পরিদর্শনের শুরুতেই চেয়ারম্যান সড়কের প্রবেশমুখে ফুটপাত দখল করে বসানো কয়েকশ’ অস্থায়ী দোকান অপসারণের নির্দেশ দেন।

দখলদারদের উদ্দেশে তিনি বলেন, ফুটপাত দখলের কারণে চার লেনের সড়ক সংকুচিত হয়ে গেছে। এতে যান চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটছে। ফুটপাতজুড়ে ফল, জুতা ও কাপড়ের দোকান বসানো হয়েছে এবং কিছু দোকান মালিক এসব দোকান থেকে ভাড়া আদায় করছেন।

ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন আরও বলেন, অনেক স্থানে ড্রেন ঢালাই করে দোকানের অংশে পরিণত করা হয়েছে। ফলে ড্রেন পরিষ্কার ও রক্ষণাবেক্ষণের পথও বন্ধ হয়ে গেছে। এর ফলে জলাবদ্ধতা ও জনদুর্ভোগ বাড়ছে।

পরিদর্শন শেষে সিডিএর প্রধান প্রকৌশলী ও সচিবকে দখল হওয়া ড্রেনের ঢালাই অপসারণ করে দ্রুত উদ্ধারের নির্দেশ দেন চেয়ারম্যান। একই সঙ্গে অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং ড্রেনের ওপর নতুন স্লাব স্থাপনের তাগিদ দেন।

পরিদর্শনের সময় সিডিএ চেয়ারম্যান সংস্কার কাজে ব্যবহৃত নির্মাণসামগ্রীর মানও পরীক্ষা করেন এবং কাজের গুণগত মান নিশ্চিতের নির্দেশনা দেন। পরে তিনি অনন্যা আবাসিক এলাকা পরিদর্শন করেন এবং কুয়াইশ প্রান্তে একটি নান্দনিক পানির ফোয়ারা স্থাপনের উদ্যোগের কথা জানান।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ভারতকে ১৩৭ রানের লক্ষ্য দিল বাংলাদেশ
গণমাধ্যম খাতে সহযোগিতায় বাংলাদেশ-চীনের মধ্যে চারটি সমঝোতা স্মারক স্বাক্ষর
প্রিপেইড বিদ্যুৎ মিটারের টোকেন হালনাগাদের আহ্বান
ডিআইজি বিপ্লব তালুকদার বরখাস্ত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা