আজ একনেকে উঠছে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের প্রস্তাব

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৭ অক্টোবর ২০২৬, ১০:০৪| আপডেট : ০৭ অক্টোবর ২০২৬, ১০:৫১
অ- অ+

জ্বালানির চাহিদা মেটাতে বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সক্ষমতার সৌরবিদ্যুৎকেন্দ্র নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। প্রকল্পটি বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে ২ হাজার ৪৯৮ কোটি ৮ লাখ টাকা।

বুধবার (৭ অক্টোবর) একনেক চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা অনুষ্ঠিত হবে। সভায় অনুমোদনের জন্য ‘রামপাল ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্প’ শীর্ষক প্রস্তাবটি উপস্থাপনের কথা রয়েছে।

বিদ্যুৎ বিভাগের প্রস্তাবিত প্রকল্পটি বাস্তবায়ন করবে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি)। প্রকল্পের মোট ব্যয়ের মধ্যে বিপিডিবির নিজস্ব তহবিল থেকে ৩৭৪ কোটি ৭১ লাখ টাকা এবং বিদ্যুৎ খাত উন্নয়ন তহবিল থেকে ২ হাজার ১২৩ কোটি ৩৭ লাখ টাকা অর্থায়ন করা হবে।

বিপিডিবির সদস্য (উৎপাদন) মো. জহুরুল ইসলাম জানান, প্রস্তাবিত কেন্দ্রটির সৌর প্যানেলের ক্ষমতা হবে ৪৪২ মেগাওয়াট। সৌর প্যানেলে উৎপাদিত বিদ্যুৎ ইনভার্টারের মাধ্যমে এসি বিদ্যুতে রূপান্তরের পর জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে।

তিনি বলেন, রামপাল সৌরবিদ্যুৎকেন্দ্র দেশের নবায়নযোগ্য জ্বালানির উৎপাদন সক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনে পরিবেশবান্ধব জ্বালানির ব্যবহারও বাড়বে।

পরিকল্পনা কমিশনের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, প্রকল্পের জন্য বিদ্যুৎ খাত উন্নয়ন তহবিল থেকে নেওয়া ঋণের বার্ষিক সুদের হার হবে ২ শতাংশ। এক বছরের গ্রেস পিরিয়ডসহ ঋণ পরিশোধের সময় ১৬ বছর। ২০২৬ সালের সেপ্টেম্বর থেকে ২০২৯ সালের মার্চের মধ্যে প্রকল্পটি বাস্তবায়নের সুপারিশ করেছে পরিকল্পনা কমিশন।

পরিকল্পনা কমিশনের মূল্যায়নে বলা হয়েছে, প্রকল্পটি বাস্তবায়িত হলে দেশে নবায়নযোগ্য জ্বালানিভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বাড়বে। একই সঙ্গে ২০৩০ সালের মধ্যে দেশের মোট বিদ্যুৎ উৎপাদনের ২০ শতাংশ নবায়নযোগ্য উৎস থেকে পাওয়ার লক্ষ্যমাত্রা অর্জনে সহায়তা করবে।

প্রকল্পটি বাস্তবায়ন হলে জাতীয় গ্রিডে নতুন করে ৪৪২ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হবে। বর্তমানে দেশে অন-গ্রিড বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ২৮ হাজার ৮২৭ মেগাওয়াট। এর মধ্যে সৌরবিদ্যুতের সক্ষমতা ৭৯৭ মেগাওয়াট।

পরিকল্পনা কমিশন আরও জানিয়েছে, প্রকল্পটির মাধ্যমে জ্বালানির প্রাথমিক উৎসে বৈচিত্র্য আসবে। এতে দেশের জ্বালানি নিরাপত্তা জোরদারের পাশাপাশি কার্বন নিঃসরণ কমাতেও সহায়তা করবে সৌরবিদ্যুৎকেন্দ্রটি।

(ঢাকাটাইমস/৭ অক্টোবর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু
প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ নির্মাণের সুপারিশ যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির
শাহপরীতে ৯০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে কোস্ট গার্ড
সিরাজদিখানে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা