মিরপুরে খেলার মাঠ ও পার্ক উদ্বোধন, দখলমুক্ত করার কথা জানালেন ডিএনসিসি প্রশাসক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৪২
অ- অ+

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মিরপুরের ১৩ নম্বর এলাকার ৪ নম্বর ওয়ার্ডে শিশুদের খেলার মাঠ, শহীদ মিনার ও পার্ক উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ডিএনসিসির প্রশাসক শফিকুল ইসলাম খান বলেন, নগরের সব পার্ক ও খেলার মাঠ দখলমুক্ত করে জনগণের জন্য উন্মুক্ত করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

প্রশাসক বলেন, নির্বাচনের সময় তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন, দায়িত্ব পাওয়ার পর ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাধীন পার্ক ও খেলার মাঠগুলো দখলমুক্ত করে জনগণের জন্য উন্মুক্ত করা হবে। সেই প্রতিশ্রুতি অনুযায়ী এই পার্ক ও মাঠ উদ্বোধন করা হয়েছে।

শফিকুল ইসলাম খান বলেন, ভবিষ্যতে ডিএনসিসির আওতাধীন সব পার্ক ও খেলার মাঠ দখলমুক্ত করার পাশাপাশি সংস্কার ও পরিষ্কার-পরিচ্ছন্ন করে জনগণের জন্য উন্মুক্ত করা হবে। বিভিন্ন পার্ক, খেলার মাঠ, মসজিদ ও মাদ্রাসার উন্নয়ন এবং ঢাকা-১৫ আসনকে ‘ক্লিন ও গ্রিন’ করার ঘোষণাও বাস্তবায়নের কথা বলেন তিনি।

পার্ক ও মাঠের সংরক্ষণে একটি কমিটি গঠনের কথা জানিয়ে প্রশাসক বলেন, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে ওই কমিটি করা হবে। কমিটি মাঠের দেখাশোনা ও সংরক্ষণের দায়িত্ব পালন করবে।

তিনি বলেন, আগামী দেড় মাসের মধ্যে পার্ক ও খেলার মাঠটি সিসি ক্যামেরার আওতায় আনা হবে। এছাড়া নির্দিষ্ট সময় পর্যন্ত মাঠটি খোলা থাকবে। সন্ধ্যার পর তা বন্ধ রাখার ব্যবস্থা করা হবে।

শিক্ষার্থীদের খেলাধুলার পাশাপাশি পড়াশোনায় মনোযোগ দেওয়ার আহ্বান জানিয়ে শফিকুল ইসলাম খান বলেন, ছেলে-মেয়েরা মাঠে খেলবে, তবে পড়াশোনা বাদ দিয়ে নয়। খেলাধুলার পর সন্ধ্যার মধ্যে তাদের ঘরে ফিরে পড়াশোনায় মনোযোগ দিতে হবে। শিক্ষার বিকল্প নেই।

এলাকাবাসীর উদ্দেশে তিনি বলেন, মাঠে যাতে কোনো উচ্ছৃঙ্খল ব্যক্তি বা দুষ্কৃতকারী অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটাতে না পারে কিংবা অসামাজিক কর্মকাণ্ডে জড়াতে না পারে, সে বিষয়ে স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকতে হবে।

সন্ধ্যার পর মাঠে অসামাজিক কর্মকাণ্ড ও মাদকাসক্তদের আড্ডা ঠেকাতে স্থানীয় পুলিশ প্রশাসনের সহযোগিতায় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান প্রশাসক।

অনুষ্ঠানে আসন্ন সিটি করপোরেশন নির্বাচন নিয়েও কথা বলেন শফিকুল ইসলাম খান। তিনি বলেন, দলের পক্ষে যারা ভালো কাজ করবেন, তাঁদেরই মনোনয়ন দেওয়া হবে।

মিরপুর-কাফরুল এলাকার জলাবদ্ধতা নিরসনে ২২ নম্বর টেকী খাল স্থায়ীভাবে উদ্ধারের পরিকল্পনার কথাও জানান তিনি। খালের দুই পাশে ওয়াকওয়ে নির্মাণ এবং নৌকা চলাচলের উপযোগী করার পরিকল্পনা বাস্তবায়নের কথা বলেন প্রশাসক।

মেট্রোরেলের পিলারে টানানো অবৈধ পোস্টার অপসারণে দেওয়া ৭২ ঘণ্টার আল্টিমেটামের প্রসঙ্গ তুলে তিনি বলেন, পরিচ্ছন্নতা কার্যক্রম শেষ হওয়ার পর সেখানে গ্রাফিতি আর্ট ও সৌন্দর্যবর্ধনমূলক চিত্রায়ণের কাজ শুরু করা হবে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে শফিকুল ইসলাম খান বলেন, অসামাজিক বা অনৈতিক কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি থাকবে। কোনো রাজনৈতিক বা দলীয় পরিচয়ে অপরাধীদের ছাড় দেওয়া হবে না।

ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী, স্থানীয় থানা-পুলিশের কর্মকর্তাসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শ্রীনগর ও সিরাজদিখান থানার কার্যক্রমে গতি আনতে ৬টি গাড়ি উপহার
নিজ ঘর থেকে গৃহবধূর বিবস্ত্র মরদেহ উদ্ধার
তিন ডিআইজিসহ পুলিশের ২৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি
জামিন মেলেনি, রিমান্ড শেষে কারাগারে মেজর আখতারুজ্জামান