সুয়ারেজ কি অবসর ভেঙ্গে আবারও উরুগুয়ের হয়ে খেলবেন?

স্পোর্টস ডেস্ক
  প্রকাশিত : ১২ আগস্ট ২০২৬, ১৮:৩০
অ- অ+

লুইস সুয়ারেজের আন্তর্জাতিক ক্যারিয়ারের দরজা কি আবার খুলতে যাচ্ছে? ২০২৪ সালে উরুগুয়ের হয়ে শেষবার মাঠে নামার পর জাতীয় দলের বাইরে থাকা এই তারকাকে ফেরানোর ইঙ্গিত দিয়েছেন নতুন কোচ দিয়েগো ফোরলান। পুরোনো সতীর্থকে নিয়ে ফোরলানের ইতিবাচক মন্তব্যে তাই নতুন করে আলোচনায় এসেছে সুয়ারেজের প্রত্যাবর্তন।

উরুগুয়ের অনূর্ধ্ব-২০ ও জাতীয় দলের প্রধান কোচ হিসেবে ২০২৭ সালের মার্চ পর্যন্ত দায়িত্ব পেয়েছেন ফোরলান। দায়িত্ব নেয়ার পর প্রথম সংবাদ সম্মেলনেই উঠে আসে সুয়ারেজের প্রসঙ্গ। সেখানে উরুগুয়ের সর্বোচ্চ গোলদাতাকে ফেরানোর সম্ভাবনা উড়িয়ে দেননি সাবেক এই স্ট্রাইকার।

সদ্য নিযুক্ত দলটির কোচ ফোরলান মনে করেন, সুয়ারেজ যদি নিজেকে প্রস্তুত মনে করেন এবং ভালো অবস্থায় থাকেন, তাহলে তাকে জাতীয় দলে ফেরানোর ক্ষেত্রে আপত্তির কোনো কারণ নেই। তার গোল করার ক্ষমতা, দীর্ঘ আন্তর্জাতিক অভিজ্ঞতা এবং নিয়মিত প্রতিদ্বন্দ্বিতামূলক ফুটবলে থাকার বিষয়টিও বিবেচনায় রাখছেন নতুন কোচ।

সুস্থ ও ছন্দে থাকা সুয়ারেজকে যে এখনো জাতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ মনে করছেন ফোরলান, সেটিই তার মন্তব্যে সবচেয়ে বড় বার্তা। বিশেষ করে সুয়ারেজ নিজেও আগেই জানিয়েছিলেন, জাতীয় দলের ডাক এলে আবারও উরুগুয়ের হয়ে মাঠে নামতে প্রস্তুত তিনি।

উরুগুয়ের সাম্প্রতিক সময়টা অবশ্য খুব একটা সুখকর নয়। সদ্য শেষ হওয়া বিশ্বকাপে মার্সেলো বিয়েলসার দল গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয়। একটি ম্যাচও জিততে পারেনি তারা। ২০২৪ সালের পর থেকে উরুগুয়ের জার্সিতে আর দেখা যায়নি ৩৯ বছর বয়সী এই ফরোয়ার্ডকে। তবে জাতীয় দলের বাইরে থাকলেও ক্লাব ফুটবলে এখনো সক্রিয় তিনি। যুক্তরাষ্ট্রের ইন্টার মায়ামিতে লিওনেল মেসির সতীর্থ হিসেবে খেলছেন সাবেক বার্সেলোনা তারকা।

সুয়ারেজের জাতীয় দলে ফেরার ইচ্ছার কথা শুনে ফোরলানও ইতিবাচক মনোভাব দেখিয়েছেন। তার মতে, সুয়ারেজ যদি প্রস্তুত থাকেন, তাহলে জাতীয় দলের দরজা তার জন্য খোলা থাকবে।

ফোরলান ও সুয়ারেজের সম্পর্কটা অবশ্য শুধু সাবেক সতীর্থের নয়। ২০১০ ও ২০১৪ বিশ্বকাপ এবং ২০১১ কোপা আমেরিকায় উরুগুয়ের জার্সিতে একসঙ্গে খেলেছেন তারা। ২০১০ বিশ্বকাপে উরুগুয়ের সেমিফাইনালে ওঠার পথে দুজনেরই গুরুত্বপূর্ণ অবদান ছিল। ঘানার বিপক্ষে কোয়ার্টার ফাইনালের সেই নাটকীয় ম্যাচে সুয়ারেজের হাত দিয়ে গোল ঠেকানো, লাল কার্ড এবং পরে উরুগুয়ের জয়; সব মিলিয়ে ম্যাচটি বিশ্বকাপ ইতিহাসের অন্যতম আলোচিত অধ্যায় হয়ে আছে। এক বছর পর ফোরলান-সুয়ারেজ জুটি উরুগুয়েকে জেতায় কোপা আমেরিকার শিরোপাও।

জাতীয় দলের হয়ে গোলের হিসাবেও সুয়ারেজ সবার ওপরে। ৬৯ গোল নিয়ে উরুগুয়ের সর্বোচ্চ গোলদাতা তিনি। এবার সেই পুরোনো সতীর্থই যখন জাতীয় দলের কোচ, তখন প্রশ্নটা স্বাভাবিক; সুয়ারেজ কি আবারও উরুগুয়ের জার্সি গায়ে চাপাবেন? উত্তরটা এখনো নিশ্চিত নয়। তবে ফোরলানের কথায় অন্তত সেই সম্ভাবনার দরজা যে বন্ধ হয়নি, তা স্পষ্ট।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আগামি বছরের মধ্যে বসিলা ও রায়েরবাজারে আলাদা থানা চালু করা হবে: ববি হাজ্জাজ
ট্রাম্পকে হত্যার নাটক সাজায় ইসরায়েল: তুরস্ক
গভীর রাতে পত্রিকা অফিসে হামলা সাধারণ কোন ঘটনা নয়, স্বাধীন গণমাধ্যমের ওপর চরম আঘাত
গেন্ডারিয়ায় মিষ্টির কারখানায় অভিযান, বিক্রমপুর মিষ্টান্ন ভান্ডারকে ২ লাখ টাকা জরিমানা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা