নদীর বালু থেকে সেমিকন্ডাক্টর শিল্পের সম্ভাবনা

সেমিকন্ডাক্টর শিল্প আধুনিক ডিজিটাল অর্থনীতির অন্যতম মৌলিক ভিত্তি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), উচ্চক্ষমতাসম্পন্ন কম্পিউটিং (HPC), পঞ্চম ও ষষ্ঠ প্রজন্মের (5G/6G) যোগাযোগব্যবস্থা, বৈদ্যুতিক যানবাহন (EV), নবায়নযোগ্য জ্বালানি এবং উন্নত ইলেকট্রনিক প্রযুক্তির বিকাশে অপরিহার্য ভূমিকা পালন করছে। বিশ্বব্যাপী সেমিকন্ডাক্টরের ক্রমবর্ধমান চাহিদার সঙ্গে সঙ্গে এ শিল্পের গুরুত্বপূর্ণ কাঁচামালের নিরাপদ ও নিরবচ্ছিন্ন সরবরাহও কৌশলগত গুরুত্ব অর্জন করেছে। এ ক্ষেত্রে উচ্চ-শুদ্ধতার কোয়ার্টজ (HPQ) গুরুত্বপূর্ণ প্রাথমিক কাঁচামাল, যা ধারাবাহিক পরিশোধন ও রূপান্তরের মাধ্যমে উচ্চ-শুদ্ধতার সিলিকা, মেটালার্জিক্যাল-গ্রেড সিলিকন (MG-Si), ইলেকট্রনিক-গ্রেড পলিসিলিকন, সিলিকন ওয়েফার এবং পরিশেষে সেমিকন্ডাক্টর চিপ উৎপাদনের ভ্যালু চেইনে প্রবেশ করে।
এই পর্যালোচনা নিবন্ধে বৈশ্বিক সেমিকন্ডাক্টর ভ্যালু চেইন এবং বাংলাদেশের কোয়ার্টজসমৃদ্ধ নদীবালু সম্পদের ভিত্তিতে সেমিকন্ডাক্টর-উপকরণ শিল্প বিকাশের সম্ভাবনা মূল্যায়ন করা হয়েছে। PRISMA 2020 কাঠামো অনুসরণ করে ২০১০-২০২৬ সময়কালের বৈজ্ঞানিক গবেষণা ও প্রামাণ্য প্রাতিষ্ঠানিক প্রতিবেদন পর্যালোচনা করা হয়েছে। ফলাফল নির্দেশ করে যে, ব্রহ্মপুত্র-যমুনা, পদ্মা ও তিস্তা নদীর বালু উচ্চ-গ্রেড শিল্পমানের সিলিকা উৎপাদনের সম্ভাবনাময় উৎস। তবে এসব সম্পদ সেমিকন্ডাক্টর-গ্রেড HPQ-এর কঠোর বিশুদ্ধতার মান পূরণ করে কি না, তা এখনো নিশ্চিত নয়। এ জন্য অতি ক্ষুদ্র মাত্রার অমিশ্রণ বিশ্লেষণ, স্ফটিকগত ত্রুটি নিরূপণ এবং পাইলট-স্কেল প্রক্রিয়াজাতকরণ গবেষণা অপরিহার্য।
SWOT বিশ্লেষণে বাংলাদেশের প্রধান শক্তি হিসেবে বিপুল কোয়ার্টজসমৃদ্ধ নদীবালু, দক্ষ মানবসম্পদের সম্ভাবনা, প্রতিযোগিতামূলক শ্রমব্যয় এবং উচ্চ প্রযুক্তি শিল্পে নীতিগত আগ্রহ চিহ্নিত হয়েছে; বিপরীতে উন্নত গবেষণাগার, HPQ প্রক্রিয়াকরণ প্রযুক্তি ও সেমিকন্ডাক্টর অবকাঠামোর সীমাবদ্ধতা গুরুত্বপূর্ণ দুর্বলতা। তাই স্বল্পমেয়াদে ওয়েফার ফ্যাব্রিকেশনের পরিবর্তে উচ্চ-শুদ্ধতার সিলিকা, বিশেষায়িত কাচ, অপটিক্যাল ফাইবার উপকরণ, সেমিকন্ডাক্টর কাঁচামাল, IC নকশা এবং OSAT-এ অগ্রাধিকার দেওয়া অধিক বাস্তবসম্মত। পাশাপাশি HPQ অনুসন্ধান, Sand Processing and Research Center (SPRC) প্রতিষ্ঠা, গবেষণা সক্ষমতা বৃদ্ধি, প্রযুক্তি স্থানান্তর এবং টেকসই সম্পদ ব্যবস্থাপনার মাধ্যমে একটি ধাপভিত্তিক জাতীয় কৌশল গ্রহণ করা হলে বাংলাদেশ ভবিষ্যতে বৈশ্বিক সেমিকন্ডাক্টর-উপকরণ ভ্যালু চেইনে মূল্যবান অবস্থান তৈরি করতে পারে।
সেমিকন্ডাক্টর আধুনিক ডিজিটাল অর্থনীতির প্রযুক্তিগত ভিত্তি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা(Artificial Intelligence, AI), উচ্চক্ষমতাসম্পন্ন কম্পিউটিং (High-Performance Computing, HPC), পঞ্চম ও ষষ্ঠ প্রজন্মের (5G/6G) যোগাযোগব্যবস্থা, ইন্টারনেট অব থিংস (Internet of Things, IoT), ক্লাউড কম্পিউটিং, বৈদ্যুতিক যানবাহন ((Electric Vehicles, EVs), নবায়নযোগ্য জ্বালানি প্রযুক্তি, মহাকাশ ও প্রতিরক্ষা ব্যবস্থা এবং উন্নত চিকিৎসা-ইলেকট্রনিক্সসহ প্রায় সব আধুনিক প্রযুক্তির অপরিহার্য উপাদান। সমন্বিত সার্কিট (Integrated Circuits, ICs)-এর মৌলিক কার্যকরী উপাদান হিসেবে সেমিকন্ডাক্টর বর্তমানে একটি সাধারণ ইলেকট্রনিক উপকরণ থেকে অর্থনৈতিক প্রতিযোগিতা, প্রযুক্তিগত সার্বভৌমত্ব এবং ভূরাজনৈতিক নিরাপত্তার ওপর প্রভাব বিস্তারকারী একটি কৌশলগত সম্পদে পরিণত হয়েছে। ফলে বিশ্বের বিভিন্ন দেশ নিজস্ব সেমিকন্ডাক্টর উৎপাদন সক্ষমতা বৃদ্ধি, প্রযুক্তিগত নির্ভরতা হ্রাস এবং অধিক স্থিতিস্থাপক ও নিরাপদ সরবরাহ ব্যবস্থা (resilient supply chain) গড়ে তুলতে ব্যাপক বিনিয়োগ ও নীতিগত উদ্যোগ গ্রহণ করছে।
সিলিকন (Si) বর্তমানে বিশ্বের সর্বাধিক ব্যবহৃত সেমিকন্ডাক্টর উপাদান। এর অনুকূল বৈদ্যুতিক বৈশিষ্ট্য, তাপীয় স্থিতিশীলতা, প্রাকৃতিক প্রাচুর্য এবং উচ্চমানের সিলিকন ডাই-অক্সাইড (SiO?) স্তর গঠনের সক্ষমতা-যা আধুনিক কমপ্লিমেন্টারি মেটাল-অক্সাইড-সেমিকন্ডাক্টর (Complementary Metal-Oxide-Semiconductor, CMOS) প্রযুক্তির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ-সিলিকনকে সেমিকন্ডাক্টর শিল্পের প্রধান উপাদানে পরিণত করেছে (Sze & Ng, 2021; USGS, 2025)। তবে সেমিকন্ডাক্টর-গ্রেড সিলিকনের উৎপাদন সরাসরি মৌলিক সিলিকন থেকে শুরু হয় না; বরং এর প্রাথমিক কাঁচামাল হলো উচ্চ-শুদ্ধতার কোয়ার্টজ (High-Purity Quartz, HPQ; SiO?)। ধারাবাহিক পরিশোধন ও রূপান্তর প্রক্রিয়ার মাধ্যমে HPQ থেকে উচ্চ-শুদ্ধতার সিলিকা (High-Purity Silica, HP-SiO?), মেটালার্জিক্যাল-গ্রেড সিলিকন (Metallurgical-Grade Silicon, MG-Si), ইলেকট্রনিক-গ্রেড পলিসিলিকন, একক-স্ফটিক সিলিকন ইনগট, সিলিকন ওয়েফার এবং পরিশেষে সেমিকন্ডাক্টর চিপ উৎপাদিত হয়। এই ভ্যালু চেইনে প্রতিটি ধাপে অমিশ্রণের মাত্রা ক্রমাগত কমানো হয় এবং ইলেকট্রনিক-গ্রেড পলিসিলিকনের ক্ষেত্রে অত্যন্ত উচ্চমাত্রার বিশুদ্ধতা প্রয়োজন। এ কারণে HPQ সেমিকন্ডাক্টর, সৌর ফোটোভোলটাইক, অপটিক্যাল ফাইবার এবং অন্যান্য উচ্চ প্রযুক্তি শিল্পের একটি গুরুত্বপূর্ণ কৌশলগত কাঁচামাল হিসেবে বিবেচিত হয়।
বিশ্বব্যাপী অর্থনৈতিকভাবে সম্ভাবনাময় HPQ-এর উল্লেখযোগ্য সঞ্চয় তুলনামূলকভাবে সীমিত এবং নির্দিষ্ট কয়েকটি অঞ্চলে কেন্দ্রীভূত। এ কারণে উচ্চমানের কোয়ার্টজের বিকল্প উৎস অনুসন্ধান ও মূল্যায়নের প্রতি আন্তর্জাতিক আগ্রহ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশ গঙ্গা-ব্রহ্মপুত্র-মেঘনা (Ganges-Brahmaputra-Meghna, GBM) বদ্বীপের ওপর অবস্থিত এবং হিমালয়ীয় অরোজেনিক বেল্ট থেকে বিপুল পরিমাণ কোয়ার্টজসমৃদ্ধ পলি প্রতিবছর দেশের প্রধান নদী ব্যবস্থার মাধ্যমে পরিবাহিত ও সঞ্চিত হয়। বাংলাদেশের ব্রহ্মপুত্র-যমুনা, পদ্মা ও তিস্তা নদীর বালুতে কোয়ার্টজ প্রধান লাইট মিনারেল হিসেবে উপস্থিত থাকার পাশাপাশি ইলমেনাইট, জিরকন, রুটাইল, গারনেট ও ম্যাগনেটাইটের মতো অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ ভারী খনিজও বিদ্যমান এবং মোনাজাইটের REE এর উচ্চ সম্ভাবনা দেখানো হয়েছে। সাম্প্রতিক খনিজ-প্রক্রিয়াকরণ গবেষণায় ব্রহ্মপুত্র নদীর বালু থেকে ফ্লোটেশনসহ উন্নত বেনিফিশিয়েশন পদ্ধতির মাধ্যমে কাচশিল্পে ব্যবহারের উপযোগী উচ্চ-গ্রেড সিলিকা কনসেনট্রেট উৎপাদনের প্রযুক্তিগত সম্ভাবনাও প্রদর্শিত হয়েছে, এবং ম্যাগনেটিক ও ইলেকট্রিক সিপারেশনের মাধ্যমে সিলিকা আপগ্রেটের সম্ভাবনা দেখানো হয়েছে।
তবে উচ্চ-গ্রেড শিল্পমানের সিলিকা এবং সেমিকন্ডাক্টর-গ্রেড HPQ সমার্থক নয়। সেমিকন্ডাক্টর শিল্পে ব্যবহারের জন্য কোয়ার্টজের ক্ষেত্রে অত্যন্ত নিম্নমাত্রার ট্রেস-এলিমেন্ট অমিশ্রণ, বিশেষ করে Fe, Al, Ti, Li, Na এবং B-এর মতো উপাদানের কঠোর নিয়ন্ত্রণ, নিম্নমাত্রার স্ফটিকগত ত্রুটি এবং উন্নত পরিশোধন যোগ্যতা অপরিহার্য। বাংলাদেশের নদীবালু থেকে প্রাপ্ত কোয়ার্টজ এই অতি উচ্চ বিশুদ্ধতার মান ধারাবাহিকভাবে পূরণ করতে সক্ষম কি না, তা নির্ধারণের জন্য এখনো পর্যাপ্ত সমন্বিত গবেষণা সম্পন্ন হয়নি। অতএব, বাংলাদেশের নদীবালুকে সম্ভাব্য HPQ উৎস হিসেবে বিবেচনা করার ক্ষেত্রে প্রাথমিক সম্পদ-সম্ভাবনা এবং সেমিকন্ডাক্টর-গ্রেড উপযোগিতার মধ্যে সুস্পষ্ট বৈজ্ঞানিক পার্থক্য বজায় রাখা জরুরি।
এই প্রেক্ষাপটে, বর্তমান পর্যালোচনা নিবন্ধে বৈশ্বিক সেমিকন্ডাক্টর ভ্যালু চেইন, উচ্চ-শুদ্ধতার কোয়ার্টজ, সিলিকা ও সিলিকনের কৌশলগত গুরুত্ব এবং বাংলাদেশের কোয়ার্টজসমৃদ্ধ নদীবালু সম্পদের বৈজ্ঞানিক ও শিল্পসম্ভাবনা সমালোচনামূলকভাবে মূল্যায়ন করা হয়েছে। একই সঙ্গে সম্পদ বৈশিষ্ট্যায়ন, খনিজ প্রক্রিয়াকরণ, উচ্চ-শুদ্ধতার সিলিকা উৎপাদন, সিলিকনভিত্তিক উপকরণ উন্নয়ন, প্রযুক্তিগত সক্ষমতা, অর্থনৈতিক বাস্তবতা এবং নীতিগত কাঠামোর আলোকে বাংলাদেশের জন্য একটি সম্ভাব্য সেমিকন্ডাক্টর-উপকরণ শিল্পের সুযোগ ও সীমাবদ্ধতা বিশ্লেষণ করা হয়েছে। এ পর্যালোচনার প্রধান লক্ষ্য হলো, বিদ্যমান জ্ঞান ও গবেষণাগত ঘাটতি চিহ্নিত করে বাংলাদেশের কোয়ার্টজসমৃদ্ধ নদীবালু সম্পদকে উচ্চমূল্যসম্পন্ন সেমিকন্ডাক্টর-উপকরণ ভ্যালু চেইনের সঙ্গে যুক্ত করার জন্য একটি বৈজ্ঞানিক ও প্রমাণভিত্তিক কাঠামো প্রদান করা।
গবেষণা পদ্ধতি (PRISMA)
এই পর্যালোচনা গবেষণাটি Preferred Reporting Items for Systematic Reviews and Meta-Analyses (PRISMA 2020) নির্দেশিকা অনুসরণ করে পরিচালিত হয়েছে, যাতে প্রাসঙ্গিক বিষয় শনাক্তকরণ, বাছাই, মূল্যায়ন ও সংশ্লেষণের ক্ষেত্রে স্বচ্ছতা, পুনরুৎপাদন যোগ্যতা এবং পদ্ধতিগত নির্ভরযোগ্যতা নিশ্চিত করা যায় (Page et al., 2021)। গবেষণাটি পরিমাণগত মেটা-বিশ্লেষণের পরিবর্তে একটি সমালোচনামূলক বর্ণনামূলক পর্যালোচনা (critical narrative review হলেও, সম্ভাব্য নির্বাচন-পক্ষপাত হ্রাস এবং পদ্ধতিগত দৃঢ়তা বৃদ্ধির জন্য PRISMA কাঠামো প্রয়োগ করা হয়েছে।
প্রবন্ধ অনুসন্ধানে Scopus, Web of Science Core Collection, ScienceDirect, SpringerLink, IEEE Xplore এবং Google Scholar–এই ছয়টি প্রধান বৈজ্ঞানিক ডেটাবেস ব্যবহার করা হয়েছে। পাশাপাশি Semiconductor Industry Association (SIA), Organisation for Economic Co-operation and Development (OECD), U.S. Geological Survey (USGS), European Commission, International Energy Agency (IEA) এবং Bangladesh Investment Development Authority (BIDA)-এর মতো স্বীকৃত আন্তর্জাতিক ও সরকারি প্রতিষ্ঠানের প্রামাণ্য তথ্য পর্যালোচনা করা হয়েছে। অনুসন্ধানের প্রধান সময়সীমা ছিল ২০১০-২০২৬, তবে ঐতিহাসিক ও প্রযুক্তিগত প্রেক্ষাপট ব্যাখ্যার জন্য প্রয়োজনীয় প্রাক-২০১০ সালের গুরুত্বপূর্ণ গবেষণাও অন্তর্ভুক্ত করা হয়েছে।
Semiconductor, high-purity quartz, silica, silicon, river sand, critical raw materials, Bangladesh এবংsemiconductor supply chain–সম্পর্কিত কী-শব্দ Boolean operator ব্যবহার করে প্রবন্ধ শনাক্ত করা হয়। ডুপ্লিকেট অপসারণের পর শিরোনাম, সারসংক্ষেপ ও পূর্ণপাঠ নির্ধারিত অন্তর্ভুক্তি-বর্জন মানদণ্ড অনুযায়ী মূল্যায়ন করা হয়। নির্বাচিত প্রবন্ধকে সেমিকন্ডাক্টর প্রযুক্তি, বৈশ্বিক ভ্যালু চেইন, HPQ সম্পদ, বাংলাদেশের সিলিকা সম্ভাবনা এবং টেকসই সেমিকন্ডাক্টর-উপকরণ শিল্পের সম্ভাবনা-এই প্রধান বিষয়ভিত্তিক কাঠামোতে সংশ্লেষণ করা হয়েছে।
সেমিকন্ডাক্টরের মৌলিক ধারণা ও ঐতিহাসিক বিকাশ
সেমিকন্ডাক্টর হলো এমন পদার্থ, যার বৈদ্যুতিক পরিবাহিতা পরিবাহক ও নিরোধকের মধ্যবর্তী এবং ডোপিং, বৈদ্যুতিক ক্ষেত্র, তাপমাত্রা ও আলোক প্রভাবে তা নিয়ন্ত্রিত করা যায়। অনুকূল বৈদ্যুতিক বৈশিষ্ট্য, তাপীয় স্থিতিশীলতা, প্রাকৃতিক প্রাচুর্য এবং উচ্চমানের সিলিকন ডাই-অক্সাইড (SiO?) স্তর গঠনের সক্ষমতার কারণে সিলিকন (Si) আধুনিক সেমিকন্ডাক্টর প্রযুক্তির প্রধান উপাদান; পাশাপাশি জার্মেনিয়াম (Ge), গ্যালিয়াম আর্সেনাইড (GaAs), সিলিকন কার্বাইড (SiC) ও গ্যালিয়াম নাইট্রাইড (GaN) বিশেষায়িত প্রয়োগে গুরুত্বপূর্ণ।
ঊনবিংশ শতাব্দীর শেষভাগে সেমিকন্ডাক্টর রেকটিফিকেশনের আবিষ্কারের মাধ্যমে এ প্রযুক্তির সূচনা ঘটে। ১৯৪৭ সালে Bell Laboratories-এর John Bardeen, Walter Brattain ও William Shockley point-contact transistor উদ্ভাবন করেন, যা আধুনিক ইলেকট্রনিক্সে যুগান্তকারী পরিবর্তন আনে (Riordan & Hoddeson, 1997)। পরবর্তীতে ১৯৫৮ সালে Jack Kilby এবং ১৯৫৯ সালে Robert Noyce-এর সমন্বিত সার্কিট (IC) উদ্ভাবন ইলেকট্রনিক উপাদানের ক্ষুদ্রায়ন ও মাইক্রোইলেকট্রনিক্সের বিকাশকে ত্বরান্বিত করে (Kilby, 1976)। Moore’s Law-নির্দেশিত ধারাবাহিক প্রযুক্তিগত অগ্রগতি ট্রানজিস্টরের ঘনত্ব বৃদ্ধি এবং আকার ও শক্তি-ব্যয় হ্রাস করেছে (Moore, 1965)। বর্তমানে AI, স্বয়ংচালিত প্রযুক্তি, উন্নত যোগাযোগব্যবস্থা ও নবায়নযোগ্য জ্বালানি প্রযুক্তিতে সেমিকন্ডাক্টর অপরিহার্য।
সেমিকন্ডাক্টর উৎপাদন প্রযুক্তি ও ভ্যালু চেইন
সেমিকন্ডাক্টর উৎপাদন একটি অত্যন্ত সমন্বিত ও প্রযুক্তিনির্ভর ভ্যালু চেইন, যেখানে প্রাকৃতিকভাবে প্রাপ্ত কোয়ার্টজ থেকে বিভিন্ন ধাপের পরিশোধন, উপাদান প্রক্রিয়াকরণ, স্ফটিক বৃদ্ধি, ওয়েফার প্রস্তুতকরণ, ডিভাইস ফ্যাব্রিকেশন এবং প্যাকেজিংয়ের মাধ্যমে উন্নত সমন্বিত সার্কিট (IC) তৈরি করা হয়। এ প্রক্রিয়ার প্রাথমিক কাঁচামাল হলো উচ্চ-শুদ্ধতার কোয়ার্টজ (HPQ; SiO?)। ভৌত বেনিফিশিয়েশন ও রাসায়নিক পরিশোধনের মাধ্যমে কোয়ার্টজ থেকে ধাতব ও অধাতব অমিশ্রণ অপসারণ করা হয়। পরিশোধিত কোয়ার্টজ থেকে উচ্চ-শুদ্ধতার সিলিকা (HP-SiO?) প্রস্তুত করা যায় এবং পরবর্তী ধাপে কার্বন জাতীয় রিডিউসিং এজেন্টের উপস্থিতিতে প্রায় ১,৯০০-২,১০০±C তাপমাত্রায় সাবমার্জড ইলেকট্রিক আর্ক ফার্নেসে কার্বোথার্মিক বিজারণের মাধ্যমে প্রায় ৯৮-৯৯.৫% বিশুদ্ধতার মেটালার্জিক্যাল-গ্রেড সিলিকন (MG-Si) উৎপাদন করা হয়।
MG-Si-কে পরবর্তী ধাপে রাসায়নিক পরিশোধনের মাধ্যমে আরও উচ্চ বিশুদ্ধতায় উন্নীত করা হয়। এ ক্ষেত্রে বহুল ব্যবহৃত পদ্ধতিগুলোর একটি হলো Siemens process, যেখানে সিলিকনকে হাইড্রোক্লোরিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করিয়ে ট্রাইক্লোরোসিলেন (HSiCl?) উৎপন্ন করা হয়। এরপর ভগ্নাংশীয় পাতন (fractional distillation) দ্বারা অমিশ্রণ অপসারণের পর প্রায় ১,০৫০-১,১৫০ তাপমাত্রায় রাসায়নিক বাষ্প সঞ্চয়ন (Chemical Vapor Deposition, CVD) প্রক্রিয়ায় অতি-উচ্চ বিশুদ্ধতার সিলিকন জমা করা হয়। এর ফলে ইলেকট্রনিক-গ্রেড পলিসিলিকন উৎপন্ন হয়, যার বিশুদ্ধতা ৯৯.৯৯৯৯৯৯৯% (9N) বা তারও বেশি হতে পারে (Green, 2022)। পরবর্তীতে পলিসিলিকনকে Czochralski (CZ) অথবা Float Zone (FZ) পদ্ধতিতে একক-স্ফটিক সিলিকন ইনগটে রূপান্তর করা হয়। ইনগটকে নির্দিষ্ট পুরুত্বে কেটে সিলিকন ওয়েফার প্রস্তুত করা হয়; এরপর ওয়েফারগুলোকে গ্রাইন্ডিং, পলিশিং, পরিষ্কারকরণ ও প্রয়োজন অনুযায়ী অক্সিডেশনসহ বিভিন্ন সূক্ষ্ম প্রক্রিয়ার মধ্য দিয়ে সেমিকন্ডাক্টর ফ্যাব্রিকেশন কারখানায় (fab) পাঠানো হয়।
সেমিকন্ডাক্টর ফ্যাব্রিকেশন পর্যায়ে অতি-পরিচ্ছন্ন পরিবেশে ওয়েফারের ওপর শত শত নিয়ন্ত্রিত প্রক্রিয়া সম্পাদিত হয়। এর মধ্যে ফটোলিথোগ্রাফি, আয়ন ইমপ্লান্টেশন, পাতলা-ফিল্ম ডিপোজিশন, প্লাজমা এচিং, কেমিক্যাল মেকানিক্যাল পলিশিং (CMP), মেটালাইজেশন এবং বৈদ্যুতিক পরীক্ষা উল্লেখযোগ্য। এসব প্রক্রিয়ার মাধ্যমে ন্যানোমিটার-স্তরের নির্ভুলতায় ট্রানজিস্টর ও অন্যান্য ডিভাইস কাঠামো তৈরি করা হয় এবং চূড়ান্ত ডিভাইসের কার্যক্ষমতা ও নির্ভরযোগ্যতা যাচাই করা হয় (Jaeger & Blalock, 2011)। পরিশেষে সম্পূর্ণ ওয়েফারকে পৃথক চিপে কাটা হয় এবং উন্নত প্যাকেজিং প্রযুক্তির মাধ্যমে অ্যাসেম্বলি ও কঠোর মাননিয়ন্ত্রণ পরীক্ষার পর ইলেকট্রনিক পণ্যে সংযুক্ত করা হয়।
তবে সেমিকন্ডাক্টর ভ্যালু চেইন কেবল উৎপাদন পর্যায়েই সীমাবদ্ধ নয়; এর মধ্যে গবেষণা ও উন্নয়ন (R&D), Electronic Design Automation (EDA), IC design, কাঁচামাল ও বিশেষায়িত উপকরণ উৎপাদন, ওয়েফার ফ্যাব্রিকেশন, Outsourced Semiconductor Assembly and Testing (OSAT) এবং চূড়ান্ত সিস্টেম ইন্টিগ্রেশনও অন্তর্ভুক্ত। এই ভৌগোলিকভাবে বিস্তৃত ও পারস্পরিক নির্ভরশীল শিল্পব্যবস্থা অত্যন্ত বিশেষায়িত সরবরাহকারী এবং আন্তর্জাতিক প্রযুক্তিগত সহযোগিতার ওপর নির্ভরশীল। ফলে HPQ, সিলিকন ও অন্যান্য গুরুত্বপূর্ণ কাঁচামালের নিরাপদ ও স্থিতিশীল সরবরাহ দীর্ঘমেয়াদি সরবরাহ ব্যবস্থার স্থিতিস্থাপকতা এবং প্রযুক্তিগত প্রতিযোগিতামূলক সক্ষমতা বজায় রাখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বৈশ্বিক সেমিকন্ডাক্টর শিল্প ও বাজার
বৈশ্বিক সেমিকন্ডাক্টর শিল্প বিশ্ব অর্থনীতির অন্যতম দ্রুতবর্ধনশীল ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ খাত এবং ডিজিটাল রূপান্তর, কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), উচ্চক্ষমতাসম্পন্ন কম্পিউটিং (HPC), পঞ্চম ও ষষ্ঠ প্রজন্মের (5G/6G) যোগাযোগব্যবস্থা, বৈদ্যুতিক যানবাহন (EV), ক্লাউড কম্পিউটিং ও নবায়নযোগ্য জ্বালানি প্রযুক্তির প্রধান ভিত্তি। Semiconductor Industry Association (SIA)-এর তথ্য অনুযায়ী, ২০২৪ সালে বৈশ্বিক সেমিকন্ডাক্টর বিক্রয় ৬০০ বিলিয়ন মার্কিন ডলার অতিক্রম করে; AI অ্যাক্সিলারেটর, ডেটা সেন্টার, স্বয়ংচালিত ইলেকট্রনিকস এবং উন্নত ভোক্তা-ইলেকট্রনিক পণ্যের দ্রুত সম্প্রসারণ এ প্রবৃদ্ধির প্রধান চালিকাশক্তি (SIA, 2024)। শিল্পটির ভ্যালু চেইন অত্যন্ত বিশেষায়িত ও ভৌগোলিকভাবে বিস্তৃত। যুক্তরাষ্ট্র IC নকশা ও Electronic Design Automation (EDA)-এ, তাইওয়ান ও দক্ষিণ কোরিয়া উন্নত ওয়েফার ফ্যাব্রিকেশন ও উৎপাদনে এবং জাপান গুরুত্বপূর্ণ উপকরণ ও উৎপাদন-সরঞ্জাম সরবরাহে বিশেষ দক্ষতা অর্জন করেছে; অন্যদিকে চীন সরকারি বিনিয়োগের মাধ্যমে নিজস্ব উৎপাদন সক্ষমতা দ্রুত সম্প্রসারণ করছে।
কোভিড-১৯ মহামারিজনিত সরবরাহ ব্যবস্থার বিঘ্ন, ভূরাজনৈতিক উত্তেজনা এবং কৌশলগত প্রযুক্তির ক্রমবর্ধমান চাহিদার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের CHIPS and Science Act, ইউরোপীয় Chips Act এবং জাপান, দক্ষিণ কোরিয়া, ভারত ও চীনের অনুরূপ শিল্পনীতির মাধ্যমে দেশীয় সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ জোরদার হয়েছে (European Commission, 2023; OECD, 2023)। ফলে সেমিকন্ডাক্টর এখন কেবল বাণিজ্যিক পণ্য নয়, বরং জাতীয় নিরাপত্তা, অর্থনৈতিক স্থিতিস্থাপকতা ও প্রযুক্তিগত সক্ষমতার কৌশলগত সম্পদ হিসেবে বিবেচিত হচ্ছে। একই সঙ্গে HPQ, সিলিকন, বিরল মৃত্তিকা উপাদান ও বিশেষায়িত রাসায়নিকের মতো গুরুত্বপূর্ণ কাঁচামালের নিরাপদ সরবরাহও ক্রমবর্ধমান গুরুত্ব পাচ্ছে।
উচ্চ-শুদ্ধতার কোয়ার্টজ, সিলিকা ও সিলিকনের ভূমিকা
উচ্চ-শুদ্ধতার কোয়ার্টজ ( (High-Purity Quartz, HPQ), উচ্চ-শুদ্ধতার সিলিকা (High-Purity Silica, HP-SiO?) এবং সিলিকন ((Si) আধুনিক সেমিকন্ডাক্টর শিল্পের গুরুত্বপূর্ণ উপাদান। এগুলো সমন্বিত সার্কিট (IC), ফোটোভোলটাইক সেল, অপটিক্যাল ফাইবার, নির্ভুল অপটিক্যাল উপকরণ এবং উন্নত ইলেকট্রনিক ডিভাইস উৎপাদনে ব্যবহৃত হয়। এ ধারাবাহিক ভ্যালু চেইনে HPQ একটি গুরুত্বপূর্ণ প্রাথমিক সিলিকা-উৎস; উন্নত বেনিফিশিয়েশন ও পরিশোধনের মাধ্যমে কোয়ার্টজ থেকে উচ্চ-শুদ্ধতার সিলিকা এবং পরবর্তী ধাপে মেটালার্জিক্যাল-গ্রেড সিলিকন (MG-Si) উৎপাদন করা হয়। MG-Si পরিশোধনের পর ইলেকট্রনিক-গ্রেড পলিসিলিকন, একক-স্ফটিক সিলিকন ইনগট, সিলিকন ওয়েফার এবং পরিশেষে সেমিকন্ডাক্টর ডিভাইস উৎপাদনে ব্যবহৃত হয় (Sze & Ng, 2021; Green, 2022)। ফলে প্রাথমিক কোয়ার্টজ সম্পদের রাসায়নিক বিশুদ্ধতা ও অমিশ্রণের প্রকৃতি পরবর্তী উপকরণগুলোর বিশুদ্ধতা ও কর্মক্ষমতার ওপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।
অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ HPQ সম্পদ বিশ্বব্যাপী তুলনামূলকভাবে সীমিত এবং নির্দিষ্ট কয়েকটি দেশে কেন্দ্রীভূত। এ কারণে সেমিকন্ডাক্টর ও ফোটোভোলটাইক শিল্পের জন্য উচ্চমানের কোয়ার্টজ ও সিলিকা সম্পদের নিরাপদ সরবরাহ ক্রমবর্ধমান কৌশলগত গুরুত্ব অর্জন করছে। তবে কোনো কোয়ার্টজ-সঞ্চয়কে সরাসরি সেমিকন্ডাক্টর-গ্রেড HPQ হিসেবে বিবেচনা করা যায় না; এ জন্য অতি-স্বল্পমাত্রার ট্রেস-অমিশ্রণ, স্ফটিকগত ত্রুটি এবং পরিশোধনযোগ্যতার কঠোর পরীক্ষা প্রয়োজন।
সিলিকন তার 1.12 eV ব্যান্ডগ্যাপ, তাপীয় স্থিতিশীলতা, প্রাচুর্য এবং উচ্চমানের প্রাকৃতিক SiO? স্তর গঠনের সক্ষমতার কারণে CMOS প্রযুক্তিতে প্রধান সেমিকন্ডাক্টর উপাদান হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে (Sze & Ng, 2021)। AI, বৈদ্যুতিক যানবাহন, নবায়নযোগ্য জ্বালানি ও উন্নত ইলেকট্রনিকসের দ্রুত সম্প্রসারণের ফলে HPQ, উচ্চ-শুদ্ধতার সিলিকা এবং সিলিকনের কৌশলগত গুরুত্ব ভবিষ্যতে আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের জন্য তাই এসব সম্পদের বৈজ্ঞানিক মূল্যায়ন, উন্নত পরিশোধন প্রযুক্তি এবং টেকসই সরবরাহ ব্যবস্থা গড়ে তোলা উচ্চমূল্যসম্পন্ন শিল্পায়নের একটি সম্ভাবনাময় ক্ষেত্র হতে পারে।
বাংলাদেশের নদীবালুর কোয়ার্টজ থেকে সেমিকন্ডাক্টর ভ্যালু চেইনে প্রবেশের সম্ভাবনা
বাংলাদেশ বিশ্বের অন্যতম বৃহৎ সক্রিয় নদীবাহিত পললভূমি, যা গঙ্গা-ব্রহ্মপুত্র-মেঘনা নদী-ব্যবস্থার মাধ্যমে গঠিত। এই নদীগুলো হিমালয়ীয় অরোজেনিক বলয় থেকে বিপুল পরিমাণ পলি বঙ্গীয় অববাহিকায় পরিবহন ও সঞ্চয় করে। এসব পলির মধ্যে কোয়ার্টজসমৃদ্ধ বালুর পাশাপাশি ইলমেনাইট, জিরকন, রুটাইল, গারনেট, ম্যাগনেটাইট ও মোনাজাইটের মতো অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ ভারী খনিজ বিদ্যমান। ফলে বাংলাদেশের নদীবালু একটি গুরুত্বপূর্ণ সম্ভাবনাময় খনিজ সম্পদ হিসেবে বিবেচিত হতে পারে। প্রধান নদী ব্যবস্থার মধ্যে ব্রহ্মপুত্র-যমুনা, পদ্মা ও তিস্তা কোয়ার্টজসমৃদ্ধ বালুর উল্লেখযোগ্য উৎস।
বাংলাদেশের কোয়ার্টজসমৃদ্ধ নদীবালু থেকে সরাসরি সেমিকন্ডাক্টর-গ্রেড সিলিকন, সিলিকন ওয়েফার বা চিপ উৎপাদন হয়েছে-এমন প্রত্যক্ষ ও প্রকাশিত বৈজ্ঞানিক গবেষণা বর্তমানে পাওয়া যায় না। তবে কোয়ার্টজ/সিলিকা বালু থেকে সিলিকন উৎপাদন এবং পরবর্তী পরিশোধনের মাধ্যমে ইলেকট্রনিক-গ্রেড পলিসিলিকন তৈরির প্রযুক্তিগত ভ্যালু চেইন আন্তর্জাতিকভাবে প্রতিষ্ঠিত। শিল্প প্রক্রিয়ায় সিলিকা-সমৃদ্ধ কাঁচামালকে কার্বনজাতীয় রিডিউসারের সঙ্গে উচ্চ তাপমাত্রায় কার্বোথার্মিক বিজারণের মাধ্যমে মেটালার্জিক্যাল-গ্রেড সিলিকন (MG-Si) উৎপাদন করা হয়; পরবর্তী রাসায়নিক পরিশোধন ও স্ফটিক-বৃদ্ধি প্রক্রিয়ার মাধ্যমে উচ্চ-শুদ্ধতার সিলিকন এবং ওয়েফার প্রস্তুত করা হয় U.S. Department of Transportation, 2010; OSHA, n.d.; Sze & Ng, 2021)।
বাংলাদেশের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রত্যক্ষ প্রমাণ হলো ব্রহ্মপুত্র নদীর বালু থেকে উচ্চ-গ্রেড সিলিকা উৎপাদনের সম্ভাবনা। Rahman et al. (2022) flotation-based beneficiation-এর মাধ্যমে ব্রহ্মপুত্র নদীর বালু থেকে প্রায় 99.5 wt.% SiO?-সমৃদ্ধ silica concentrate উৎপাদনের সম্ভাবনা প্রদর্শন করেছেন। তবে গবেষণাটি মূলত glass-making grade silica উৎপাদনকেন্দ্রিক; semiconductor-grade HPQ উৎপাদন নয়। অতএব, 99.5 wt.% SiO?-সমৃদ্ধ কনসেনট্রেটকে সরাসরি HPQ হিসেবে বিবেচনা করা বৈজ্ঞানিকভাবে সমীচীন নয়।
বাংলাদেশের সম্ভাব্য ভ্যালু চেইন তাই নিম্নরূপভাবে বিবেচনা করা যেতে পারে:
River Sand ? Quartz-rich Sand ? Beneficiation/Flotation ? High-grade Silica ? Advanced Purification ? HPQ ? MG-Si ? Electronic-grade Polysilicon ? Single-crystal Silicon ? Wafer ? Semiconductor Devices
এই ধারাবাহিকতায় প্রথম ধাপগুলো বাংলাদেশের প্রত্যক্ষ গবেষণায় সমর্থিত, কিন্তু HPQ থেকে সেমিকন্ডাক্টর-গ্রেড সিলিকন পর্যন্ত ধাপগুলো আন্তর্জাতিক প্রযুক্তিগত জ্ঞানের ভিত্তিতে সম্ভাব্য downstream pathway। ভবিষ্যৎ গবেষণায় Fe, Al, Ti, B, Li, Na প্রভৃতি ultra-trace impurities, crystal defects, fluid inclusions, purification efficiency এবং pilot-scale processing পরীক্ষা করে বাংলাদেশের নদীবালু আন্তর্জাতিক HPQ মানে উন্নীত করা সম্ভব কি না তা নির্ধারণ করা অপরিহার্য। এই বৈজ্ঞানিক যাচাই সম্পন্ন হলে বাংলাদেশের নদীবালু ভবিষ্যতে সেমিকন্ডাক্টর কাঁচামাল ভ্যালু চেইনের একটি সম্ভাব্য upstream resource হিসেবে মূল্যায়িত হতে পারে।
বাংলাদেশে সেমিকন্ডাক্টর শিল্প প্রতিষ্ঠার সম্ভাবনা
বাংলাদেশের জন্য স্বল্পমেয়াদে বিপুল মূলধননির্ভর উন্নত ওয়েফার ফ্যাব্রিকেশন স্থাপনের পরিবর্তে বৈশ্বিক সেমিকন্ডাক্টর ভ্যালু চেইনের অপেক্ষাকৃত বাস্তবসম্মত ও সম্পদভিত্তিক অংশে প্রবেশের সুযোগ বেশি। দেশের কোয়ার্টজসমৃদ্ধ নদীবালু সম্পদ, ক্রমবর্ধমান প্রকৌশল ও প্রযুক্তিবিদ মানবসম্পদ, তুলনামূলক প্রতিযোগিতামূলক শ্রমব্যয় এবং উচ্চপ্রযুক্তিনির্ভর শিল্পে সরকারের ক্রমবর্ধমান আগ্রহ এ সম্ভাবনার গুরুত্বপূর্ণ ভিত্তি। Bangladesh Investment Development Authority (BIDA)-এর উদ্যোগ ও নীতিগত সহায়তার মাধ্যমে সমন্বিত সার্কিট (IC) নকশা, Very-Large-Scale Integration (VLSI), সেমিকন্ডাক্টর প্যাকেজিং ও টেস্টিং এবং উন্নত ইলেকট্রনিকসকে সম্ভাবনাময় খাত হিসেবে চিহ্নিত করা হয়েছে (BIDA, 2025)। এসব উদ্যোগ দেশে একটি সমন্বিত সেমিকন্ডাক্টর ইকোসিস্টেম গড়ে তোলার প্রাথমিক ভিত্তি তৈরি করতে পারে।
খনিজ সম্পদের দৃষ্টিকোণ থেকে ব্রহ্মপুত্র-যমুনা, পদ্মা ও তিস্তা নদীর কোয়ার্টজসমৃদ্ধ বালু ব্যবহার করে উচ্চ-শুদ্ধতার সিলিকা (HP-SiO?) এবং অন্যান্য মূল্যসংযোজনমূলক সিলিকাভিত্তিক উপকরণ উৎপাদনের সম্ভাবনা রয়েছে। তবে এসব নদীবালু থেকে সরাসরি সেমিকন্ডাক্টর-গ্রেড উচ্চ-শুদ্ধতার কোয়ার্টজ (HPQ) উৎপাদন সম্ভব-এমন সিদ্ধান্তে পৌঁছানো এখনো বৈজ্ঞানিকভাবে সমীচীন নয়। ট্রেস-এলিমেন্টের রাসায়নিক বৈশিষ্ট্য, স্ফটিকগত ত্রুটি, পরিশোধন দক্ষতা এবং শিল্প-পর্যায়ের প্রক্রিয়াকরণ সক্ষমতা সম্পর্কে সমন্বিত গবেষণা এখনো সীমিত।
অতএব, বাংলাদেশের জন্য একটি ধাপভিত্তিক উন্নয়ন কৌশল অধিকতর উপযোগী। প্রথম পর্যায়ে HPQ অনুসন্ধান ও সম্পদ মূল্যায়ন, উন্নত খনিজ বৈশিষ্ট্যায়ন এবং পাইলট-স্কেল বেনিফিশিয়েশন; দ্বিতীয় পর্যায়ে উচ্চ-শুদ্ধতার সিলিকা, বিশেষায়িত কাচ ও অপটিক্যাল ফাইবার উপকরণ; এবং পরবর্তী পর্যায়ে MG-Si, সৌর-গ্রেড সিলিকন ও অন্যান্য সেমিকন্ডাক্টর কাঁচামাল উৎপাদনের সম্ভাবনা যাচাই করা যেতে পারে। সমান্তরালে IC নকশা, VLSI, প্যাকেজিং ও পরীক্ষণ সক্ষমতা বিকশিত করা প্রয়োজন। এ ধরনের সমন্বিত কৌশল দেশীয় প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি, খনিজ সম্পদের মূল্যসংযোজন, শিল্পের বহুমুখীকরণ এবং বৈশ্বিক উচ্চপ্রযুক্তি ভ্যালু চেইনে বাংলাদেশের ভবিষ্যৎ অংশগ্রহণের ভিত্তি শক্তিশালী করতে পারে।
নীতিগত সুপারিশ
বাংলাদেশে একটি টেকসই সেমিকন্ডাক্টর-উপকরণ শিল্প গড়ে তুলতে ধাপভিত্তিক, সম্পদনির্ভর ও প্রযুক্তিনির্ভর জাতীয় কৌশল গ্রহণ করা প্রয়োজন। এ কৌশলের আওতায় খনিজ সম্পদ উন্নয়ন, শিল্প-উদ্ভাবন, গবেষণা ও উন্নয়ন এবং দক্ষ মানবসম্পদ বিকাশকে সমন্বিত করতে হবে। এ পর্যালোচনার আলোকে নিম্নোক্ত পাঁচটি নীতিগত সুপারিশ প্রস্তাব করা হলো।
I. জাতীয় উচ্চ-শুদ্ধতার কোয়ার্টজ (HPQ) অনুসন্ধান কর্মসূচি প্রতিষ্ঠা :
ব্রহ্মপুত্র-যমুনা, পদ্মা, তিস্তা এবং অন্যান্য সম্ভাবনাময় নদী অববাহিকার কোয়ার্টজসমৃদ্ধ বালুর অনুসন্ধান, সম্পদ-মানচিত্রায়ন এবং উন্নত খনিজ বৈশিষ্ট্যায়ন পরিচালনা করা উচিত। বিশেষভাবে Fe, Al, Ti, Li, Na, B প্রভৃতি অতি ক্ষুদ্র মাত্রার অমিশ্রণ এবং স্ফটিকগত বৈশিষ্ট্য নির্ণয়ের জন্য উচ্চ নির্ভুলতাসম্পন্ন বিশ্লেষণাত্মক সুবিধা গড়ে তোলা প্রয়োজন।
II. Sand Processing and Research Center (SPRC) প্রতিষ্ঠা ও গবেষণা অবকাঠামো শক্তিশালীকরণ :
পাইলট-স্কেল বেনিফিশিয়েশন, রাসায়নিক পরিশোধন, খনিজ বৈশিষ্ট্যায়ন এবং উপকরণ পরীক্ষণের সুবিধাসম্পন্ন একটি বিশেষায়িত গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠা করা উচিত। এর মাধ্যমে উচ্চ-শুদ্ধতার সিলিকা (HP-SiO?) উৎপাদন এবং দেশীয় কাঁচামাল থেকে মেটালার্জিক্যাল-গ্রেড সিলিকন (MG-Si) উৎপাদনের কারিগরি সম্ভাব্যতা যাচাই করা যেতে পারে। একই সঙ্গে semiconductor materials, VLSI design, mineral processing Ges electronic engineering বিষয়ে বিশেষায়িত শিক্ষা ও প্রশিক্ষণ কর্মসূচি চালু করে দক্ষ মানবসম্পদ উন্নয়ন এবং আন্তর্জাতিক গবেষণা সহযোগিতা ও প্রযুক্তি স্থানান্তর জোরদার করা প্রয়োজন।
III. নিম্নমুখী মূল্যসংযোজনমূলক শিল্পের বিকাশ :
প্রাথমিক পর্যায়ে মূলধননির্ভর ওয়েফার ফ্যাব্রিকেশনের পরিবর্তে বিশেষায়িত কাচ, অপটিক্যাল ফাইবার, ফোটোভোলটাইক উপকরণ, সেমিকন্ডাক্টর কাঁচামাল, IC designএবং Outsourced Semiconductor Assembly and Testing (OSAT)-এর মতো তুলনামূলকভাবে বাস্তবসম্মত খাতে বিনিয়োগ উৎসাহিত করা উচিত।
IV. দীর্ঘমেয়াদি জাতীয় সেমিকন্ডাক্টর রোডম্যাপ প্রণয়ন :
০২৬-২০৫০ সময়কালের জন্য একটি সুস্পষ্ট National Semiconductor Roadmap প্রণয়ন করা প্রয়োজন। এতে বিনিয়োগ প্রণোদনা, সরকারি-বেসরকারি অংশীদারত্ব (PPP), গবেষণা ও উন্নয়ন তহবিল, প্রযুক্তি স্থানান্তর, পরিবেশগত সুরক্ষা এবং নদীবালু সম্পদের টেকসই ব্যবস্থাপনার বিষয় অন্তর্ভুক্ত থাকা উচিত।
V. টেকসই সম্পদ ব্যবস্থাপনা ও আন্তর্জাতিক অংশীদারত্ব নিশ্চিতকরণ :
নদীবালু উত্তোলনের পরিবেশগত প্রভাব বিবেচনায় নিয়ে বৈজ্ঞানিক সম্পদ-পরিকল্পনা, পরিবেশগত সুরক্ষা এবং পুনর্বাসন নীতির সঙ্গে শিল্প উন্নয়নকে সমন্বিত করতে হবে। একই সঙ্গে উন্নত প্রযুক্তি, গবেষণা সক্ষমতা ও বৈদেশিক বিনিয়োগ আকর্ষণের জন্য আন্তর্জাতিক শিল্প ও গবেষণা প্রতিষ্ঠানের সঙ্গে দীর্ঘমেয়াদি অংশীদারত্ব গড়ে তোলা প্রয়োজন।
সমন্বিতভাবে এসব নীতি বাস্তবায়ন করা গেলে বাংলাদেশের খনিজ সম্পদের মূল্যসংযোজন, প্রযুক্তিগত সক্ষমতা, গবেষণা অবকাঠামো ও দক্ষ মানবসম্পদ উন্নয়নের পাশাপাশি বৈশ্বিক সেমিকন্ডাক্টর-উপকরণ ভ্যালু চেইনে দেশের ভবিষ্যৎ অংশগ্রহণের জন্য একটি শক্তিশালী বৈজ্ঞানিক ও শিল্পভিত্তি গড়ে উঠতে পারে।
ডিজিটাল ও জ্ঞানভিত্তিক অর্থনীতিতে বৈশ্বিক রূপান্তরের ফলে সেমিকন্ডাক্টর একবিংশ শতাব্দীর অন্যতম কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শিল্পে পরিণত হয়েছে। এ পর্যালোচনা থেকে প্রতীয়মান হয় যে, উচ্চ-শুদ্ধতার কোয়ার্টজ (HPQ), উচ্চ-শুদ্ধতার সিলিকা (HP-SiO?) এবং সিলিকন (Si) সেমিকন্ডাক্টর ভ্যালু চেইনের গুরুত্বপূর্ণ ভিত্তি, যা সমন্বিত সার্কিট, ফোটোভোলটাইক ডিভাইস, অপটিক্যাল ফাইবার এবং বিভিন্ন উন্নত প্রযুক্তি উৎপাদনে অপরিহার্য ভূমিকা পালন করে (Goodall et al., 2021; Sze & Ng, 2021)। বাংলাদেশের ব্রহ্মপুত্র-যমুনা, পদ্মা ও তিস্তা নদী ব্যবস্থায় বিপুল পরিমাণ কোয়ার্টজসমৃদ্ধ নদীবালু বিদ্যমান, যা উচ্চমূল্যসম্পন্ন সিলিকাভিত্তিক শিল্প গড়ে তোলার সম্ভাবনাময় কাঁচামাল হিসেবে বিবেচিত হতে পারে।
তবে বর্তমান বৈজ্ঞানিক প্রমাণের ভিত্তিতে বাংলাদেশের নদীবালু থেকে প্রাপ্ত কোয়ার্টজকে সরাসরি সেমিকন্ডাক্টর-গ্রেড HPQ হিসেবে স্বীকৃতি দেওয়া এখনো সম্ভব নয়। এ জন্য অতি-স্বল্পমাত্রার ট্রেস-অমিশ্রণ, স্ফটিকগত ত্রুটি, খনিজ-রাসায়নিক বৈশিষ্ট্য এবং উন্নত পরিশোধনযোগ্যতা সম্পর্কে বিস্তারিত গবেষণা ও পাইলট-স্কেল পরীক্ষার প্রয়োজন। অতএব, বাংলাদেশের জন্য স্বল্পমেয়াদে বিপুল মূলধননির্ভর সেমিকন্ডাক্টর ওয়েফার ফ্যাব্রিকেশন স্থাপনের পরিবর্তে উচ্চ-শুদ্ধতার সিলিকা, বিশেষায়িত কাচ, অপটিক্যাল ফাইবার উপকরণ, সেমিকন্ডাক্টর কাঁচামাল, IC নকশা এবং OSAT-এর মতো তুলনামূলকভাবে বাস্তবসম্মত ও মূল্যসংযোজনমূলক খাতে অগ্রাধিকার দেওয়া অধিক কার্যকর হতে পারে।
একই সঙ্গে উন্নত গবেষণাগার ও খনিজ প্রক্রিয়াকরণ অবকাঠামো, দক্ষ মানবসম্পদ, আন্তর্জাতিক প্রযুক্তি সহযোগিতা এবং টেকসই নদীবালু ব্যবস্থাপনায় কৌশলগত বিনিয়োগ অপরিহার্য। ভূতাত্ত্বিক সম্পদকে গবেষণা, শিল্প-উদ্ভাবন ও প্রমাণভিত্তিক নীতিনির্ধারণের সঙ্গে সমন্বিত করতে পারলে বাংলাদেশ ভবিষ্যতে একটি প্রতিযোগিতামূলক সেমিকন্ডাক্টর-উপকরণ শিল্প গড়ে তোলার সক্ষমতা অর্জন করতে পারে। এর মাধ্যমে খনিজ সম্পদের মূল্যসংযোজন, শিল্পের বহুমুখীকরণ, প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি এবং বৈশ্বিক সেমিকন্ডাক্টর সরবরাহ ব্যবস্থায় বাংলাদেশের অবস্থান শক্তিশালী হওয়ার পাশাপাশি দীর্ঘমেয়াদি টেকসই অর্থনৈতিক ও প্রযুক্তিগত উন্নয়নের ভিত্তি সুদৃঢ় হতে পারে।
লেখক: উপপরিচালক (ভূতত্ত্ব), বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর
(ঢাকাটাইমস/১২ আগস্ট/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































