করোনায় আক্রান্ত সিএমপি কমিশনার মাহাবুবর

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার মো. মাহাবুবর রহমান।
সোমবার রাতে নমুনা পরীক্ষার ফলাফলে মাহাবুবর রহমানের শরীরে করোনা সংক্রমণ শনাক্ত হয়। তবে তার স্ত্রীর নমুনা নেগেটিভ এসেছে।
মাহাবুবর রহমান নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, করোনা আক্রান্ত হয়েছি। আমি সুস্থ আছি। আমার মনোবল শক্ত আছে। সিএমপির সদস্যরা মানুষকে যে সেবা দিয়ে আসছে তা চলমান থাকবে। সকলের কাছে দোয়া চাই।
জানা গেছে, গত বৃহস্পতিবার থেকে তিনি জ্বরে ভুগছিলেন। এরপর থেকে নিজের বাসাতেই আইসোলেশনে রয়েছেন।
চট্টগ্রামে করোনাভাইরাসের সংক্রমণ শুরুর পর থেকে সিএমপির কমিশনারের উল্লেখযোগ্য ভূমিকা দেশব্যাপী আলোচিত। নিজে উপস্থিত থেকে সার্বক্ষণিক করোনা পরিস্থিতি তদারক করে যাচ্ছিলেন। চট্টগ্রাম নগর পুলিশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ার পর সেদিকেও তিনি আলাদাভাবে সময় দিচ্ছিলেন। চট্টগ্রামে করোনা পরিস্থিতি সামাল দিতে যে ভূমিকা তিনি রেখে যাচ্ছেন, তা প্রশংসিত হয়েছে সরকারের শীর্ষ মহলেও।
ঢাকাটাইমস/৯জুন/এমআর
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন










































