নববর্ষের আনন্দ মুহূর্তে সুইজারল্যান্ডের বারে বিস্ফোরণ, বেশ কয়েকজন নিহত

নববর্ষের আনন্দঘন মুহূর্তে সুইজারল্যান্ডের জনপ্রিয় স্কি রিসোর্ট শহর ক্রানস-মন্টানায় ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে এখন পর্যন্ত বেশ কয়েকজন নিহত এবং বহু মানুষ গুরুতর আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ ও আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি।
ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (১ জানুয়ারি) স্থানীয় সময় রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে। শহরের ‘লে কনস্টেলেশন’ নামের একটি বারে ইংরেজি নববর্ষ উদযাপনের সময় হঠাৎ বিস্ফোরণ ঘটে এবং মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে।
পুলিশ সূত্র জানায়, ঘটনার সময় বারে শতাধিক মানুষ উপস্থিত ছিলেন। বিস্ফোরণের পরপরই পুরো এলাকা ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনী। উদ্ধার তৎপরতা নির্বিঘ্ন করতে সেখানে নো-ফ্লাই জোন ঘোষণা করা হয়েছে।
স্থানীয় সংবাদমাধ্যম ব্লিক-এর প্রতিবেদনে বলা হয়েছে, অনুষ্ঠান চলাকালে ব্যবহৃত আতশবাজি বা পাইরোটেকনিক্স থেকেই আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। তবে এখনো বিস্ফোরণের সুনির্দিষ্ট কারণ নিশ্চিত করেনি পুলিশ।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ভবনের ভেতর থেকে ভয়াবহ আগুনের লেলিহান শিখা বের হচ্ছে এবং বাইরে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিসের গাড়ি। ভালাইস ক্যান্টোনাল পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন, পরিস্থিতি অত্যন্ত সংকটাপন্ন এবং হতাহতদের পরিবারের জন্য একটি বিশেষ হেল্পলাইন চালু করা হয়েছে।
দুর্ঘটনার পর আশপাশের সব সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে এবং বিপুল সংখ্যক উদ্ধারকর্মী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য উদ্ধার কাজে নিয়োজিত রয়েছেন।
উল্লেখ্য, আল্পস পর্বতমালার হৃদয়ে অবস্থিত ক্রানস-মন্টানা শহরটি পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয় এবং চলতি মাসের শেষ দিকে এখানে একটি মর্যাদাপূর্ণ ওয়ার্ল্ড কাপ স্পিড স্কিইং প্রতিযোগিতা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
এই মর্মান্তিক ঘটনায় পুরো অঞ্চলজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ জানিয়েছে, নিহতদের পরিচয় ও জাতীয়তা শনাক্ত করার কাজ চলছে এবং শিগগিরই বিস্তারিত তথ্য নিয়ে আনুষ্ঠানিক প্রেস ব্রিফিং দেওয়া হবে।
(ঢাকাটাইমস/০১ জানুয়ারি/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































