খুলনা ও যশোরে আজ তারেক রহমানের নির্বাচনি জনসভা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আজ খুলনা ও যশোর সফরে যাচ্ছেন। দীর্ঘ বিরতির পর তার এই সফরকে ঘিরে খুলনা ও যশোরসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।
আজ সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় খুলনা নগরীর খালিশপুরে প্রভাতী স্কুল মাঠে খুলনা মহানগর ও জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন তারেক রহমান। জনসভায় বৃহত্তর খুলনা জেলার ১৪ জন বিএনপি প্রার্থীকে ভোটারদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হবে বলে দলীয় সূত্র জানিয়েছে।
বিএনপির নেতারা আশা করছেন, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা ও আশপাশের জেলা থেকে বিপুলসংখ্যক মানুষের উপস্থিতি ঘটবে। জনসভায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উন্নয়ন, বন্ধ থাকা মিল-কারখানা পুনরায় চালু, গ্যাস সংযোগ, সুন্দরবনকেন্দ্রিক পর্যটন উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, ইকোনমিক জোন স্থাপন এবং টেকসই বেড়িবাঁধ নির্মাণের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো গুরুত্ব পাবে।
খুলনার কর্মসূচি শেষে দুপুর ১টার দিকে হেলিকপটারে যশোরের উদ্দেশে রওনা হবেন বিএনপি চেয়ারম্যান। দুপুর দেড়টার দিকে তিনি যশোরে পৌঁছে ক্রীড়া উদ্যানে আয়োজিত বিএনপির নির্বাচনি সমাবেশে অংশ নেবেন। এটি যশোরে তারেক রহমানের প্রথম জনসভা।
যশোর জেলা বিএনপি জানিয়েছে, সাধারণ মানুষের ভোগান্তি কমাতে শহরের বাইরে এই সমাবেশের আয়োজন করা হয়েছে। সমাবেশে যশোরবাসীর বিভিন্ন দাবি তুলে ধরা হবে, যার মধ্যে ভবদহ সমস্যার স্থায়ী সমাধান অন্যতম।
তারেক রহমানের সফরকে কেন্দ্র করে খুলনা ও যশোরে মঞ্চ নির্মাণ, নিরাপত্তা ব্যবস্থা এবং সাংগঠনিক প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট নেতারা।
এর আগে চট্টগ্রাম, ফেনী, রাজশাহী, নওগাঁ, বগুড়া, গাজীপুর, সিরাজগঞ্জ ও টাঙ্গাইলসহ দেশের বিভিন্ন জেলায় নির্বাচনি জনসভায় বক্তব্য দেন তারেক রহমান। এসব জনসভায় তিনি সংশ্লিষ্ট এলাকার জনগণের কাছে নিজের রাজনৈতিক ও উন্নয়ন পরিকল্পনা তুলে ধরার পাশাপাশি আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট চান।
(ঢাকাটাইমস/২ ফেব্রুয়ারি/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































