গণতান্ত্রিক উত্তরণের ঐতিহাসিক দায়িত্ব তারেক রহমানের ওপর ন্যস্ত: সাইফুল হক

১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে দেশে গণতান্ত্রিক ধারায় দেশ পরিচালনার যে সম্ভাবনা সৃষ্টি হয়েছে, তাকে কাজে লাগাতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি।
শুক্রবার সকালে রাজধানীর সেগুনবাগিচায় সংহতি মিলনায়তনে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সভায় দলের সাধারণ সম্পাদক সাইফুল হক একথা বলেন।
সভায় সাইফুল হক বলেন, ফেব্রুয়ারির নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক ধারায় দেশ পরিচালনার সম্ভাবনা তৈরি হয়েছে। জনপ্রত্যাশা অনুযায়ী মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। যে কোনো চেহারার মব সন্ত্রাস পুরোপুরি বন্ধ করার দাবি জানান তিনি।
তিনি বলেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচন তারেক রহমানের ওপর একটি গণতান্ত্রিক, প্রগতিশীল, বহুত্ববাদী ও অসাম্প্রদায়িক বাংলাদেশের নেতৃত্ব দেওয়ার দায়িত্ব অর্পণ করেছে। প্রজ্ঞা, দূরদর্শিতা ও দক্ষতার সঙ্গে তিনি এ দায়িত্ব পালন করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
তবে তিনি সরকারের কিছু বিতর্কিত পদক্ষেপ ও তৎপরতা থেকে বিরত থাকার আহ্বান জানান। বাংলাদেশ ব্যাংকের গভর্নরের বিদায়কে কেন্দ্র করে সৃষ্ট অনভিপ্রেত ঘটনা সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে এবং অপ্রয়োজনীয় বিতর্ক উসকে দিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
সভায় আরও বলা হয়, ১২ ফেব্রুয়ারির নির্বাচন দৃশ্যত শান্তিপূর্ণ ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হলেও টাকার খেলা, পেশীশক্তি, প্রশাসনিক ম্যানিপুলেশন ও ধর্মের ব্যবহার পুরোপুরি রোধ করা যায়নি। ভোটের ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে অনেক আসনের ফলাফল নির্ধারিত হয়েছে, ফলে জননন্দিত অনেক প্রার্থী বিজয়ী হতে পারেননি বলে অভিযোগ করা হয়।
সভায় দলের কেন্দ্রীয় নেতাদের মধ্যে বহ্নিশিখা জামালী, আকবর খান, আবু হাসান টিপু, আনছার আলী দুলাল, মীর মোফাজ্জল হোসেন মোশতাক, মাহমুদ হোসেন, রাশিদা বেগম, অ্যাডভোকেট মাহমুদুল করিম টিপু, সজীব সরকার, সাইফুল ইসলাম, মাসুদুর রহমান মাসুদ, নির্মল বড়ুয়া মিলন, শাহজাহান সিকদার, মীর রেজাউল আলম, অরবিন্দু বেপারী বিন্দু, জসীম রাডি, জুই চাকমা, ফিরোজ আলী, শাহীন আলম, আজাদুর রহমান আজাদ, জামাল সিকদার, আউয়াল মাহমুদ, নীলুফার ইয়াসমিন, আবু হানিফসহ অনেকে বক্তব্য রাখেন।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































