সরকারি কর্মকর্তারা

দুর্নীতিতে জড়ালে শোকজ নয়, মামলাও হবে: আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:৩৪
অ- অ+

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান হুঁশিয়ারি দিয়ে বলেছেন, সরকারি কর্মকর্তারা কেউ দুর্নীতিতে জড়ালে শুধু শোকজ করে দায় সারবে না সরকার; সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে মামলাও করা হবে।

শনিবার সকাল ১০টার দিকে ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে সরকারি কর্মকর্তা ও বিচারকদের সঙ্গে পৃথক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সদ্য বিদায়ী অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে সাংবিধানিকভাবে জারি করা সব অধ্যাদেশ বিল আকারে সংসদে উপস্থাপন করা হবে। সংসদের প্রথম অধিবেশনের প্রথম দিনেই ওই সময়ে জারি করা ১৩৩টি অধ্যাদেশ পেশ করা হবে বলে জানান তিনি।

মন্ত্রী বলেন, মাদক, সন্ত্রাস, রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও হানাহানি–মারামারির বিষয়ে প্রশাসনকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে। গুটিকয়েক দুষ্কৃতকারীর কারণে সরকারের ইতিবাচক কাজের ভাবমূর্তি নষ্ট হতে দেওয়া হবে না বলেও মন্তব্য করেন তিনি।

আরেক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, সরকার আইনসম্মতভাবে ‘ফ্যাসিস্টদের’ বিচার করতে বদ্ধপরিকর। আইনের শাসন, ন্যায়বিচার ও মানবাধিকার প্রতিষ্ঠায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলেও উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে নারী ও শিশু ধর্ষণের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অপরাধীদের কেউ আশ্রয় দিলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

এ সময় ঝিনাইদহ-২ আসনের জাতীয় সংসদ সদস্য আলী আজম মোঃ আবু বক্কর, ঝিনাইদহ-৩ আসনের এমপি মতিয়ার রহমান ও ঝিনাইদহ-৪ আসনের এমপি মোঃ আবু তালিব, জেলা প্রশাসক মোঃ আব্দুল্লাহ আল মাসউদ, পুলিশ সুপার মোঃ মাহফুজ আফজালসহ সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এছাড়াও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি আব্দুল মজিদসহ বিভিন্ন দপ্তরের প্রধানসহ আইনশৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্টরা সেখানে উপস্থিত ছিলেন।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
অনলাইন অপরাধের বিরুদ্ধে সংসদে নতুন কঠোর আইন পাস হয়েছে: শামা ওবায়েদ 
তুলা উৎপাদন বাড়াতে সরকার কাজ করছে : প্রতিমন্ত্রী মীর শাহে আলম
প্রাথমিক শিক্ষকদের বদলি আরও কঠোর, মানতে হবে ৭ নতুন শর্ত
প্রতি ইউনিয়নে খেলার মাঠ, ১০ জেলায় হবে স্পোর্টস ভিলেজ: আমিনুল হক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা