জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত

মুসলিম উম্মাহর সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। সারা দেশে আজ ঈদুল ফিতর উদ্যাপিত হচ্ছে। প্রতিবারের মতো এবারও রাজধানীতে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে জাতীয় ঈদগাহ মাঠে।
শনিবার (২১ মার্চ) হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহে সকাল সাড়ে ৮টায় প্রধান জামাতে অংশ নেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
জাতীয় ঈদগাহে ইমামতি করেছেন বায়তুল মোকাররমের খতিব মুফতি মুহাম্মদ আবদুল মালেক।
জাতীয় ঈদগাহে এবার রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীসহ প্রায় ৩৩০ জন ভিআইপি এবং প্রায় ৯০ হাজার থেকে ১ লাখ সাধারণ মুসল্লির জন্য নামাজের ব্যবস্থা করা হয়েছিল। নারীদের জন্য রাখা হয়েছিল পৃথক পর্দার ব্যবস্থা।
অন্যদিকে, জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে প্রতিবছরের মতো এবারও ঈদের ৫টি জামাত অনুষ্ঠিত হবে। এরই মধ্যে সকাল ৭টা প্রথম ও সকাল ৮টায় ঈদের দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয়েছে।
ইসলামিক ফাউন্ডেশনের তথ্য মতে, বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পর্যায়ক্রমে সকাল ৯টা, সকাল ১০টা ও ১০টা ৪৫ মিনিটে আরও ৩টি জামাত অনুষ্ঠিত হবে। এ ছাড়া দুই সিটি করপোরেশনের এলাকাভিত্তিক মসজিদগুলোতেও ঈদের নামাজ আদায় হবে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











































