‘ঈশ্বর আমেরিকার পাশে’, ইরান যুদ্ধ নিয়ে ডোনাল্ড ট্রাম্প

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সঙ্গে চলমান যুদ্ধ নিয়ে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি দাবি করেন, সৃষ্টিকর্তা ব্যক্তিগতভাবে কোনো যুদ্ধ সমর্থন না করলেও চলমান ইরান সংঘাতে তিনি যুক্তরাষ্ট্রের পক্ষেই রয়েছেন।
প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ঈশ্বর ভালো এবং তিনি চান মানুষের যত্ন নেওয়া হোক। সেই দৃষ্টিকোণ থেকেই তিনি বিশ্বাস করেন, মার্কিন সামরিক পদক্ষেপ সঠিক এবং ঈশ্বর তা সমর্থন করছেন।
মার্কিন দৈনিক দ্য ওয়াল স্ট্রিট জার্নাল জানায়, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা যখন চরমে, ঠিক তখনই ট্রাম্প এ মন্তব্য করেন। ইস্টার পরবর্তী এক সংবাদ সম্মেলনে তিনি মার্কিন সামরিক শক্তির প্রশংসা করে বর্তমান সময়কে ‘অন্যতম সেরা সামরিক সময়’ বলে উল্লেখ করেন।
তিনি আরও বলেন, যুদ্ধ কখনোই সুখকর নয় এবং এ পরিস্থিতি নিয়ে তিনি বা ঈশ্বর কেউই সন্তুষ্ট নন। তবে বৃহত্তর স্বার্থ ও জনগণের নিরাপত্তার জন্য যুক্তরাষ্ট্রের অবস্থানকে তিনি সঠিক বলে দাবি করেন।
উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে দুই দেশের মধ্যে রক্তক্ষয়ী সংঘাত চলছে। এর আগে ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, ইরান তাদের দাবি না মানলে দেশটির বিদ্যুৎ কেন্দ্রসহ গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংস করে দেওয়া হবে।
ট্রাম্পের এমন মন্তব্য আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক বিতর্ক তৈরি করেছে। তবে তিনি নিজের অবস্থানে অনড় থেকে যুদ্ধের এই কঠিন সময়ে ধর্মীয় প্রসঙ্গ টেনে এনে মার্কিন জনসমর্থন আদায়ের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
সূত্র: ওয়াল স্ট্রিট জার্নাল
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











































