যুদ্ধবিরতি মেনে নিল ইরান, স্থগিত বিমান হামলা

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে দুই সপ্তাহের যুদ্ধবিরতি চুক্তি আনুষ্ঠানিকভাবে মেনে নিয়েছে ইরান। দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ এ সিদ্ধান্ত অনুমোদন করেছে।
ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা মেহর নিউজ এজেন্সিতে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, পাকিস্তানের মধ্যস্থতায় এই যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নের পথে এগিয়েছে। এতে ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনির সম্মতি রয়েছে বলেও উল্লেখ করা হয়েছে।
বিবৃতিতে পরিষদ এই চুক্তিকে ‘ইরানের বিজয়’ হিসেবে অভিহিত করেছে। একই সঙ্গে জানানো হয়েছে, স্থায়ী সমাধানের লক্ষ্যে পরবর্তী আলোচনা পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিত হবে।
এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের ঘোষিত যুদ্ধবিরতিতে যোগ দিয়েছে ইসরায়েলও। আলোচনাকালীন সময়ে বিমান হামলা স্থগিত রাখতে সম্মত হয়েছে দেশটি। হোয়াইট হাউসের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত যুদ্ধবিরতির অংশ হিসেবেই ইসরায়েলের এ সিদ্ধান্ত।
এর আগে ট্রাম্প ঘোষণা দেন, দুই সপ্তাহের জন্য ইরানের ওপর বোমাবর্ষণ ও সামরিক হামলা স্থগিত রাখা হবে, যা তিনি পারস্পরিক যুদ্ধবিরতি হিসেবে উল্লেখ করেন।
তবে এই যুদ্ধবিরতির শর্ত হিসেবে হরমুজ প্রণালি সম্পূর্ণ, নিরাপদ ও তাৎক্ষণিকভাবে খুলে দেওয়ার বিষয়টি ইরানের ওপর আরোপ করা হয়েছে।
সময়সীমা শেষ হওয়ার প্রায় দেড় ঘণ্টা আগে এই সমঝোতা চূড়ান্ত হয়, যা চলমান সংকটের মধ্যে কূটনৈতিক অগ্রগতির ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।(ঢাকাটাইমস/৮ এপ্রিল/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











































