বগুড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, শুরু হয়েছে দিনব্যাপী কর্মসূচি

প্রধানমন্ত্রী তারেক রহমান নিজ জেলা বগুড়া সফরে এসে পৌঁছেছেন। আজ সোমবার (২০ এপ্রিল) সকাল ৯টা ৫৮ মিনিটে তাকে বহনকারী গাড়িবহর বগুড়া সার্কিট হাউসে পৌঁছায়।
এ সময় প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে স্বাগত জানান বগুড়ার জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান। সফরসঙ্গী হিসেবে তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও সঙ্গে রয়েছেন। তাকে ফুলেল শুভেচ্ছা জানান অতিরিক্ত জেলা প্রশাসক সালমা আক্তার।
এর আগে সকাল ৬টা ১০ মিনিটে ঢাকার গুলশানের বাসভবন থেকে সড়কপথে বগুড়ার উদ্দেশে রওনা দেন প্রধানমন্ত্রী।
দিনব্যাপী এ সফরে তিনি জেলার বিভিন্ন উন্নয়নমূলক ও রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেবেন। এর মধ্যে দেশের ১৩তম সিটি করপোরেশন হিসেবে ‘বগুড়া সিটি করপোরেশন’-এর আনুষ্ঠানিক উদ্বোধন অন্যতম।
কর্মসূচি অনুযায়ী, বেলা ১১টায় জেলা আইনজীবী সমিতির নতুন ভবনের ফলক উন্মোচন, সোয়া ১১টায় জজ আদালতের ই-বেইল বন্ড কার্যক্রম উদ্বোধন এবং সাড়ে ১১টায় বগুড়া পৌরসভাকে নবগঠিত সিটি করপোরেশনে রূপান্তরের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তিনি।
পরে গাবতলী উপজেলার বাগবাড়ীতে গিয়ে জিয়াউর রহমান গ্রাম হাসপাতালে হামের টিকাদান কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
বিকেল ৪টায় শহরের ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে জেলা বিএনপি আয়োজিত জনসভায় ভাষণ দেওয়ার কথা রয়েছে তার। জনসভা শেষে বগুড়া প্রেস ক্লাবের নতুন ভবন এবং বায়তুর রহমান কেন্দ্রীয় মসজিদের পুনর্নির্মাণ কাজের উদ্বোধন করবেন তিনি।
দিনভর কর্মসূচি শেষে সন্ধ্যায় ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। পথে সন্ধ্যা সাড়ে ৬টায় বগুড়া পল্লী উন্নয়ন একাডেমিতে সংক্ষিপ্ত যাত্রাবিরতি করবেন তিনি।
(ঢাকাটাইমস/২০ এপ্রিল/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












