যুদ্ধবিরতির মধ্যেই লেবাননে ইসরায়েলের বিমান হামলায় নিহত ১৪

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের বিমান হামলায় নারী ও শিশুসহ অন্তত ১৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩৭ জন। নিহতদের মধ্যে দুই শিশু ও দুই নারী রয়েছেন বলে নিশ্চিত করেছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়। খবর আল জাজিরা’র।
একই দিনে চলমান সংঘর্ষের মধ্যে একজন ইসরায়েলি সেনা নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছে তেল আবিব। সাম্প্রতিক দিনগুলোতে যুদ্ধবিরতি কার্যত ভেঙে পড়ার পর দুই পক্ষের পাল্টাপাল্টি হামলায় পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়ে উঠেছে।
এ হামলার পক্ষে সাফাই গেয়ে বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, যেকোনো ‘পরিকল্পিত বা আসন্ন’ হামলার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার ইসরায়েলের রয়েছে। তিনি জানান, এই অভিযান শুধু প্রতিক্রিয়ামূলক নয়, বরং সম্ভাব্য হুমকি প্রতিরোধেও তাদের পদক্ষেপ অব্যাহত থাকবে।
এদিকে ইসরায়েলি সামরিক বাহিনী লেবাননের দক্ষিণাঞ্চলের অন্তত সাতটি শহরের বাসিন্দাদের দ্রুত এলাকা ত্যাগের নির্দেশ দিয়েছে। সামরিক সূত্রের দাবি, সম্ভাব্য হামলার আশঙ্কায় এই সতর্কতা জারি করা হয়েছে।
বিশ্লেষকদের মতে, যুদ্ধবিরতি কার্যকর না থাকায় সীমান্ত পরিস্থিতি ক্রমেই অস্থিতিশীল হয়ে উঠছে, যা বৃহত্তর আঞ্চলিক সংঘাতে রূপ নেওয়ার ঝুঁকি বাড়াচ্ছে।
(ঢাকাটাইমস/২৭ এপ্রিল/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











































