সৌদি আরবে পৌঁছেছেন ৩৫,৭৬৬ জন হজযাত্রী, মৃত্যু ৪ জনের

পবিত্র হজ পালনের উদ্দেশ্যে এ পর্যন্ত ৩৫ হাজার ৭৬৬ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। রোববার দিবাগত রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত ৮৯টি ফ্লাইটে তারা সেখানে পৌঁছান।
হজ বুলেটিন সূত্রে জানা গেছে, সৌদি আরবে পৌঁছানোর পর এখন পর্যন্ত চারজন হজযাত্রীর মৃত্যু হয়েছে। তারা সবাই পুরুষ। মৃতরা হলেন—টাঙ্গাইল সদরের মো. আবুল কাশেম, জয়পুরহাট সদরের মো. নইম উদ্দীন মণ্ডল, দিনাজপুরের বিরামপুরের মো. খলিলুর রহমান এবং ময়মনসিংহের মো. সেরাজুল হক।
এর মধ্যে মো. আবুল কাশেম হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান। বাকি তিনজন স্বাভাবিক কারণে মৃত্যুবরণ করেছেন বলে জানা গেছে।
সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ২৮৪ জন এবং বেসরকারি হজ এজেন্সির মাধ্যমে ৩২ হাজার ৪৮২ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।
ফ্লাইট পরিচালনার ক্ষেত্রে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ৩৮টি, সৌদি এয়ারলাইনস ৩৩টি এবং ফ্লাইনাস এয়ারলাইনস ১৮টি ফ্লাইট পরিচালনা করেছে।
এয়ারলাইনভিত্তিক হিসাবে বিমান বাংলাদেশ এয়ারলাইনস পরিবহন করেছে ১৫ হাজার ৭৪৮ জন, সৌদি এয়ারলাইনস ১২ হাজার ৪৬৯ জন এবং ফ্লাইনাস এয়ারলাইনস ৭ হাজার ৫৪৯ জন হজযাত্রী।
এদিকে সৌদি আরবে অবস্থানরত হজযাত্রীদের মধ্যে ২ হাজার ৮৫০ জন চিকিৎসা কেন্দ্র থেকে স্বয়ংক্রিয় চিকিৎসা ব্যবস্থাপত্র গ্রহণ করেছেন। পাশাপাশি আইটি হেল্পডেস্কের মাধ্যমে ৬ হাজার ৯২২টি স্বাস্থ্যসংক্রান্ত পরামর্শ প্রদান করা হয়েছে বলে বুলেটিনে উল্লেখ করা হয়েছে।
(ঢাকাটাইমস/২৭ এপ্রিল/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











































