৬.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৭ এপ্রিল ২০২৬, ১০:৩৩
অ- অ+

জাপানের হোক্কাইডো দ্বীপে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। দেশটির আবহাওয়া সংস্থা জাপান মেটিওরোলজিক্যাল এজেন্সি (জেএমএ) জানিয়েছে, সোমবার স্থানীয় সময় ভোর সাড়ে ৫টার দিকে ৬ দশমিক ২ মাত্রার এই ভূমিকম্প আঘাত হানে।

সংস্থাটির তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল প্রায় ৮৩ কিলোমিটার গভীরে। এতে হোক্কাইডোর উরাহোরো শহরে জাপানি ভূমিকম্প স্কেলে ‘আপার ৫’ এবং নিইকাপ্পু শহরে ‘লোয়ার ৫’ মাত্রার কম্পন রেকর্ড করা হয়।

তবে এ ঘটনায় কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, কেন্দ্রস্থলটি সাপ্পোরো থেকে প্রায় ২০০ কিলোমিটার পূর্বে এবং তুলনামূলকভাবে কম জনবসতিপূর্ণ এলাকায় হওয়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতি বা প্রাণহানির আশঙ্কা কম।

তবে স্থানীয় কর্তৃপক্ষ সতর্ক করেছে, শক্তিশালী কম্পনের কারণে কিছু এলাকায় ভূমিধস ও পাথরধসের ঝুঁকি তৈরি হয়েছে।

জেএমএ ও ইউএসজিএস জানিয়েছে, সাম্প্রতিক সপ্তাহগুলোতে জাপানে একাধিক ভূমিকম্পের ধারাবাহিকতার এটি সর্বশেষ ঘটনা। এর আগে গত সপ্তাহের একটি ভূমিকম্পে অন্তত ছয়জন আহত হন এবং রাজধানী টোকিও-সহ কয়েকশ কিলোমিটার দূরের এলাকায়ও কম্পন অনুভূত হয়। ওই ঘটনায় ইওয়াতে অঞ্চলের একটি বন্দরে প্রায় ৮০ সেন্টিমিটার উচ্চতার সুনামি ঢেউ আঘাত হানে।

বিশেষজ্ঞদের মতে, জাপান পৃথিবীর অন্যতম ভূমিকম্পপ্রবণ দেশ। প্রশান্ত মহাসাগরের ‘রিং অব ফায়ার’-এ অবস্থিত হওয়ায় দেশটিতে বছরে প্রায় ১,৫০০টির মতো ভূমিকম্প হয়ে থাকে, যা বৈশ্বিক ভূমিকম্পের একটি উল্লেখযোগ্য অংশ।

(ঢাকাটাইমস/২৭ এপ্রিল/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চেয়ারম্যানসহ ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিলো কেন্দ্রীয় ব্যাংক
রাত ২টায় মুখোমুখি হচ্ছে নেদারল্যান্ডস-জাপান
বিমানবন্দর না, শপিংমল থেকে গ্রেপ্তার হন সাবেক আইজিপি বেনজীর আহমেদ
৮০তে পা রাখলেন ডোনাল্ড ট্রাম্প
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা