পাকিস্তানে ট্রেনে ভয়াবহ আত্মঘাতী হামলায় নিহত ২৪, আহত ৮২

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটা-তে জাফর এক্সপ্রেসের একটি শাটল ট্রেনকে লক্ষ্য করে চালানো ভয়াবহ আত্মঘাতী বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২৪ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় নারী ও শিশুসহ অন্তত ৮২ জন আহত হয়েছেন, যাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
রবিবার (২৪ মে) স্থানীয় সময় সকাল ৮টা ৫ মিনিটের দিকে কোয়েটা সেনানিবাস এলাকা থেকে ট্রেনটি ছেড়ে যাওয়ার কিছুক্ষণ পরই বিস্ফোরণের ঘটনা ঘটে। পুলিশ ও হাসপাতাল সূত্র জানিয়েছে, শক্তিশালী বিস্ফোরণে ট্রেনের একাধিক বগি লাইনচ্যুত হয়ে পড়ে এবং অন্তত দুটি বগিতে আগুন ধরে যায়।
পুলিশের একটি সূত্র জানিয়েছে, ট্রেনটিতে মূলত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ছিলেন, যারা ঈদুল আজহার ছুটিতে নিজ নিজ বাড়িতে ফিরছিলেন। বিস্ফোরণের তীব্রতায় ট্রেনের আশপাশে থাকা কয়েকটি বেসামরিক যানবাহনও আগুনে পুড়ে যায়।
ঘটনার পরপরই উদ্ধারকর্মী ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। আহতদের মধ্যে ৫৭ জনকে সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) এবং ২৫ জনকে সিভিল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিরাপত্তা বাহিনীর প্রাথমিক তদন্তে এটি একটি সুপরিকল্পিত আত্মঘাতী হামলা বলে ধারণা করা হচ্ছে। তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, বিস্ফোরকবোঝাই একটি গাড়ি দিয়ে ট্রেনটিকে লক্ষ্য করে হামলা চালানো হয়। বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের প্রাথমিক তথ্য অনুযায়ী, হামলায় ৭০ কেজির বেশি উচ্চক্ষমতাসম্পন্ন বিস্ফোরক ব্যবহার করা হয়েছে।
হামলার পর পুরো এলাকা ঘিরে ফেলেছে আইনশৃঙ্খলা বাহিনী। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে ব্যাপক অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
(ঢাকাটাইমস/২৪ মে/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











































