তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দিতে চায় বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৫ জুন ২০২৬, ১৬:১৭
অ- অ+

বাংলাদেশে তুরস্কের বিনিয়োগ বাড়াতে বিশেষ অর্থনৈতিক অঞ্চল ও বেসরকারি অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের প্রস্তাব দিয়েছে সরকার। একই সঙ্গে দুই দেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) এবং অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি (পিটিএ) নিয়ে আলোচনা হয়েছে।

শুক্রবার ঢাকায় পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের দ্বিপক্ষীয় বৈঠকে এ বিষয়গুলো নিয়ে আলোচনা হয়। বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান খলিলুর রহমান।

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বলেন, আমরা তুরস্কের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা এবং অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা করেছি। দুই দেশের দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বাড়ানোর যথেষ্ট সুযোগ রয়েছে।

তিনি জানান, বিদেশি বিনিয়োগকারীদের জন্য বাংলাদেশের বিভিন্ন প্রণোদনার বিষয় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীকে অবহিত করা হয়েছে। পাশাপাশি সম্ভাব্য তুর্কি বিনিয়োগকারীদের দেশের বিভিন্ন বেসরকারি ও বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের আহ্বান জানানো হয়েছে।

খলিলুর রহমান বলেন, এই সফর বাংলাদেশ-তুরস্ক সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ সময়ে অনুষ্ঠিত হচ্ছে। এটি দুই দেশের মধ্যে সহযোগিতা আরও গভীর করা এবং দ্বিপক্ষীয় অংশীদারত্বকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার অভিন্ন অঙ্গীকারের প্রতিফলন।

তিনি তুরস্কের সম্ভাব্য বিনিয়োগের খাত হিসেবে তৈরি পোশাক ও বস্ত্রশিল্প, প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদন, জাহাজ নির্মাণ, ওষুধশিল্প, অবকাঠামো উন্নয়ন, নবায়নযোগ্য জ্বালানি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি), স্মার্ট প্রযুক্তি এবং বেসামরিক বিমান পরিবহন খাতের কথা উল্লেখ করেন।

এছাড়া ঢাকায় আন্তর্জাতিক মানের একটি হাসপাতাল ও নার্সিং ইনস্টিটিউট স্থাপনে তুরস্কের বিনিয়োগের প্রস্তাবও দেন তিনি।

পররাষ্ট্রমন্ত্রী আরও জানান, বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য তুরস্কে বৃত্তির সংখ্যা বাড়ানোর অনুরোধ করা হয়েছে। বর্তমানে প্রায় তিন হাজার বাংলাদেশি নাগরিক তুরস্কে অবস্থান করছেন, যাদের বেশিরভাগই শিক্ষার্থী।

রোহিঙ্গা সংকট প্রসঙ্গে খলিলুর রহমান বলেন, এই সংকটের নয় বছর পূর্ণ হয়েছে। যত দ্রুত সম্ভব এর সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ও সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

দুই দেশের মধ্যে সহযোগিতা, সংস্কৃতি, পর্যটন, শিক্ষা, বাণিজ্য, বিনিয়োগ ও ব্যবসায়িক যোগাযোগ আরও জোরদারে তুরস্ককে আহ্বান জানান তিনি।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শাকিব-বুবলীর ঘরে এলো কন্যাসন্তান, নাম শার্লিন খান
সারাদেশের ১২ হাজার কলেজ শিক্ষককে আইসিটি প্রশিক্ষণ দিচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়
মার্কিন ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য বিশেষ বার্তা
‘জিয়া স্মৃতি জাদুঘর’ সংস্কার করে দ্রুত জনসাধারণের জন্য উন্মুক্ত করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা