বিশ্ব পরিবেশ দিবস আজ

‘জলবায়ু পরিবর্তন: আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা’- এই প্রতিপাদ্য সামনে রেখে আজ পালিত হচ্ছেবিশ্ব পরিবেশ দিবস। পরিবেশ বিষয়ে জনসচেতনতা তৈরিতে একে জাতিসংঘের সবচেয়ে বড় বৈশ্বিক উদ্যোগ হিসেবে বিবেচনা করা হয়।
বিশ্বের ১৫০টির বেশি দেশের মতো বাংলাদেশেও সরকারি ও বেসরকারি উদ্যোগে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হচ্ছে।
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী তারেক রহমান পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সরকারের নানা কর্মপরিকল্পনা তুলে ধরেন।
প্রধানমন্ত্রী জানান, আগামী পাঁচ বছরে দেশজুড়ে ২৫ কোটি বৃক্ষরোপণ এবং ২০ হাজার কিলোমিটার খাল খনন ও পুনঃখননের মেগা উদ্যোগ নেওয়া হয়েছে। এ ছাড়া নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি, সবুজ শিল্পায়ন জোরদার এবং আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে পরিবেশের ভারসাম্য ফিরিয়ে আনতে সরকার কাজ করছে বলে উল্লেখ করেন তিনি।
ভৌগোলিক অবস্থানের কারণে বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের ফলে সবচেয়ে ঝুঁকিতে থাকা দেশগুলোর তালিকায় ওপরের দিকে রয়েছে বাংলাদেশ।
১৯৭২ সালে সুইডেনের স্টকহোমে অনুষ্ঠিত জাতিসংঘের মানব পরিবেশবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের সিদ্ধান্ত অনুযায়ী এই দিবসের সূচনা। পরের বছর ১৯৭৩ সালের ৫ জুন থেকে বিশ্বব্যাপী আনুষ্ঠানিকভাবে দিবসটি পালিত হয়ে আসছে।
(ঢাকাটাইমস/৫জুন/মোআ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































