বিপুল মাদক, অস্ত্র ও জাল টাকা উদ্ধার
এক মাসে গ্রেপ্তার ২৮৪৪, অপরাধ দমনে ডিএমপির বিশেষ অভিযানের চিত্র তুলে ধরলেন কমিশনার

চাঁদাবাজি, ছিনতাই, ডাকাতি, সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে চলমান বিশেষ অভিযানে গত এক মাসে ২ হাজার ৮৪৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ সময়ে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও ৩৪ লাখ টাকার জাল নোট।
পাশাপাশি রাজধানীর সাম্প্রতিক আলোচিত একাধিক হত্যাকাণ্ড, ধর্ষণ ও দস্যুতার ঘটনার রহস্য উদঘাটন ও আসামিও গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ।
গত মাসে ঢাকা মহানগর পুলিশের বিভিন্ন কার্যক্রমের তথ্য তুলে ধরে ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ বলেছেন, অপরাধ নিয়ন্ত্রণে বিশেষ অভিযান ও প্রযুক্তিনির্ভর নজরদারি অব্যাহত থাকবে।
বৃহস্পতিবার ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন ডিএমপি কমিশনার।
তিনি বলেন, সকলের সহযোগিতায় ঈদের ছুটিকালীন সময়ে রাজধানীতে বড় ধরনের কোনো দুর্ঘটনা, নাশকতা কিংবা সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটেনি। পশুর হাট, বাস ও লঞ্চ টার্মিনাল, রেলস্টেশন, শপিংমল, আর্থিক ও বাণিজ্যিক প্রতিষ্ঠান, ঈদের জামাতস্থল, আবাসিক এলাকা এবং ফাঁকা বাসাবাড়ির নিরাপত্তা নিশ্চিত করতে ডিএমপির সকল ইউনিট নিরলসভাবে কাজ করেছে।
ডিএমপি কমিশনার বলেন, ডিএমপির বিশেষ অভিযানে ১ মে হতে ২ জুন পর্যন্ত ডিএমপির অপারেশনাল ইউনিটসমূহ বিশেষ অভিযান পরিচালনা করে ৬৫৮ জন চাঁদাবাজ, ৯৭১ জন ছিনতাইকারী/ডাকাত/সন্ত্রাসী ও ১ হাজার ২১৫ জন মাদক কারবারিসহ সর্বমোট ২ হাজার ৮৪৪ জনকে গ্রেপ্তার করে। গত একমাসে ৭৪৪ কেজি গাঁজা, ১ লক্ষ ৭৯ হাজার ইয়াবা ট্যাবলেট, ৪০৫ গ্রাম হেরোইন, ১২৮১ বোতল ফেন্সিডিল, ২৮ লিটার দেশি-বিদেশী মদ, ২৯ গ্রাম আইস, ৭৮ পিস ট্যাপেন্টাডল ও ২০ পিস নেশাজাতীয় ট্যাবলেট; ৬টি দেশি-বিদেশী পিস্তল, ২১ রাউন্ড গুলি/কার্তুজ,৪ টি ম্যাগাজিন, ১১টি ককটেল ও অন্যান্য দেশীয় অস্ত্র ১২টি উদ্ধার করেছে। অনলাইন জুয়া, সাইবার প্রতারণা ও অবৈধ ডিজিটাল আর্থিক লেনদেন চক্রের ৬ জন চীনা নাগরিকসহ মোট ৯ জন গ্রেপ্তার করেছে। এছাড়া ৫২৩ টি মোবাইল ফোন, ২৯৩ টি সিমকার্ড, ৪ টি মাইক্রোবাস, ৬ টি প্রাইভেটকার, একটি কাভার্ডভ্যান, একটি বাস, ৯ টি সিএনজি ও ১৫ টি মোটরসাইকেল উদ্ধার করেছে।
তিনি বলেন, ডিএমপির ট্রাফিক বিভাগ মে মাসে ব্যাপক তৎপরতা চালিয়ে সড়ক পরিবহন আইন অমান্যকারীদের বিরুদ্ধে ৩৮ হাজার ২৮৪টি মামলা করেছে। এর মধ্যে ৬৭২টি মামলা হয়েছে AI ভিত্তিক এনফোর্সমেন্টের মাধ্যমে। মোট ৮ কোটি ৭১ লক্ষ ৫৬ হাজার ৫০১ টাকা জরিমানা আদায় করা হয়েছে। ডিএমপির বিজ্ঞ স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটগণ আদালত কর্তৃক মে ২০২৬ মাসে সড়ক পরিবহন আইন সংক্রান্তে ৩৩৭ টি মামলা নিষ্পতি করা হয়েছে। যার মধ্যে ১ জনকে কারাদন্ডসহ অন্যদের ক্ষেত্রে সর্বমোট ৬ লক্ষ ৬৪ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। এছাড়া মে ২০২৬ মাসে বিজ্ঞ স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটগণ কর্তৃক ফৌজদারি ৫২০৯ টি ফৌজদারী মামলা নিষ্পত্তি করা হয়। যার মধ্যে ৫৯৫৩ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়েছে এবং সর্বমোট ২২ লক্ষ ৬৫ হাজার ৪০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
তিনি আরও বলেন, ফাঁকা ঢাকার নিরাপত্তায় ডিএমপির বিশেষ অভিযানে ঈদের ছুটিতে অর্থাৎ ২৫ মে হতে ৩১ মে পর্ন্ত্ন প্রায় জনশূন্য রাজধানীর নিরাপত্তা বজায় রাখতে এবং অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কর্তৃক বর্ধিত টহল, গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট, অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান ও গোয়েন্দা নজরদারি এবং সিসিটিভিসহ প্রযুক্তিগত মনিটরিং অব্যাহত রাখা হয়। যার ফলে ঈদের ছুটির ০৭ (সাত) দিনে আড়াই থেকে তিন কোটি মানুষের এই মেগাসিটিতে কোন ডাকাতি কিংবা চাঞ্চল্যকর কোন অপরাধ সংঘটিত হয়নি-তবে বিচ্ছিন্নভাবে কয়েকটি চুরি, ছিনতাই/দস্যুতার ঘটনা ঘটেছে। যা তুলনামূলক স্বাভাবিক ও স্থিতিশীল আইন-শৃঙ্খলা পরিস্থিতির পরিচয় বহন করে।
সাম্প্রতিক আলোচিত ঘটনা ও অগ্রগতি নিয়ে ডিএমপি কমিশনার বলেন, রাজধানীর পল্লবী থানাধীন একটি বাসায় দ্বিতীয় শ্রেণির ছাত্রী রামিসা আক্তার (৭) কে ধর্ষণের পর ধারালো ছুরি দিয়ে মাথা বিচ্ছিন্ন করে নৃশংসভাবে হত্যার ঘটনায় প্রধান আসামিসহ দুইজনকে গ্রেফতার করেছে এবং আসামি বিজ্ঞ আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করেছেন। রাজধানীর মুগদা থানা এলাকায় সৌদি প্রবাসী মোকাররমকে নৃশংসভাবে হত্যার পর মরদেহ আট টুকরো করার ঘটনার মূল পরিকল্পনাকারী ও প্রধান আসামি তাসলিমা আক্তার ওরফে হাসনাসহ চারজনকে গ্রেফতার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)। ২ জন আসামি বিজ্ঞ আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করেন। মামলার রহস্য উদ্ঘাটিত।
তিনি বলেন, রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় মানসিক ভারসাম্যহীন এক নারীকে গণধর্ষণের পর হত্যার অভিযোগে দায়ের করা মামলায় তিনজন আসামিকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ। একজন আসামি বিজ্ঞ আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করেছেন। গত ১৪ মে রসুলনগর ক্যানেলপাড় পাকা সড়কে ৬/৭ জন সংঘবদ্ধ ডাকাত ভিকটিম মোঃ আনোয়ার হোসেনের সাথে থাকা টাকা লুণ্ঠন করে চিটাগাং রোডের মদনপুর এলাকায় ফেলে রেখে পালিয়ে যায়। উক্ত ঘটনায় ডেমরা থানা পুলিশ ঘটনাটির রহস্য উদ্ঘাটনসহ চারজন আসামিকে গ্রেফতার করে। ডাকাতির ঘটনায় ব্যবহৃত একটি হায়েস মাইক্রোবাস ও একটি মোটরসাইকেল উদ্ধার করেছেন।
তিনি আরও বলেন, রাজধানীর উত্তরাপূর্ব থানা ও গাজীপুর মহানগর এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে ৩৪ লাখ জাল টাকা ও জাল টাকা তৈরির সরঞ্জামাদিসহ চোরাকারবারি দলের তিন সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)-উত্তরা বিভাগ। গত ২৬ মে যাত্রাবাড়ীতে মতিঝিল ডাচ-বাংলা ব্যাংক থেকে কর্মচারীদের বেতনের ২৩ লাখ টাকা উত্তোলন করে নারায়ণগঞ্জ যাওয়ার পথে দস্যুতার ঘটনায় মামলা হলে থানা পুলিশ ২ লক্ষ টাকা উদ্ধারসহ দুইজনকে গ্রেফতার করে। একজন বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছেন । গত ৩১ মে রাজধানীর মোহাম্মদপুরে আলোচিত ছিনতাইয়ের ঘটনায় রুজুকৃত মামলায় নারায়ণগঞ্জ হতে দুইজনকে গ্রেফতার ও ছিনতাই হওয়া ০২ টি ব্যাগ, কিছু প্রয়োজনীয় কাপড় এবং ছিনতাই কাজে ব্যবহৃত ০১ টি চাপাতি, ০১টি ট্রাক উদ্ধার করেছেন।
কমিশনার বলেন, দক্ষিণখান থানা এলাকায় গার্মেন্টসের কাপড় চুরির ঘটনায় ৩০ লক্ষ টাকার গার্মেন্টেসের কাপড় ও চোরাইকৃত কাভার্ডভ্যান উদ্ধারসহ ০৫ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। ১২ মে ২০২৬ রাজধানীর বংশাল থানাধীন নয়াবাজার বাগডাসা লেনে মো: নেছার আলী নামক এক ব্যক্তিকে কে বা কারা তার বাসায় হত্যা করে পালিয়ে যায়। ঘটনার পাঁচ দিনের মধ্যে ১৭ মে ক্লু লেস এই হত্যাকান্ডের রহস্য উদঘাটনসহ উক্ত ঘটনায় জড়িত তিনজনকেই গ্রেফতার করা হয়। ১৪ মে রাত আনুমানিক ০৮.৩০ ঘটিকার সময় লালবাগ থানাধীন শহীদনগর ৩ নং গলিতে মো: রাফি হোসেন (২৫) নামে এক ব্যক্তিকে কতিপয় দূর্বৃত্ত গুলি করে পালিয়ে যায়। উক্ত ঘটনায় ২০ মে রাফি মৃত্যু বরণ করে। এই ঘটনায় প্রত্যক্ষভাবে জড়িত মূল শ্যুটারকে ২০ মে কক্সবাজার জেলা থেকে গ্রেফতার করা হয়। তার দেখানো মতে কেরানীগঞ্জের একটি বাসা থেকে নয় রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করা হয়। এছাড়া এজাহারনামীয় আরও দুজনকে গ্রেফতার করা হয়।
তিনি বলেন, ১৫ মে লালবাগ এলাকা থেকে হাসিব নামক আড়াই বছরের এক শিশু নিখোঁজ হয়। চাঞ্চল্যকর এই ঘটনায় লালবাগ থানা পুলিশ তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় অভিযান পরিচালনা করে ২০ মে শিশুটিকে উদ্ধার করে তার মায়ের কাছে ফিরিয়ে দেয়। ১৫ মে চকবাজার থানাধীন দেবীদাসঘাট লেন এলাকার আলমবাগে মো: ইউনুস (৫০) নামে কিছু লোক পিঠিয়ে হত্যা করে। ঘটনার ২৪ ঘন্টার মধ্যে ঘটনার রহস্য উদঘাটনসহ একজন এবং পরবর্তীতে আরও তিনজনকে গ্রেফতার করা হয়। গত ২৭ মে তারিখ কাফরুল থানা এলাকায় একটি ক্লু-লেস সিধেঁল চুরি মামলার ঘটনায় জড়িত তিনজন আসামি গ্রেফতার এবং চার ভরি গলিত স্বর্ণের পাত উদ্ধার করেছেন। গত ০২ জুন আদাবরে অপহরন ও ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবির ঘটনায় অপহরণকারীর নয় সদস্য গ্রেপ্তার করেছেন।
উল্লেখিত উদ্ধার ও অগ্রগতি ব্যতীত আরও অনেক সফলতা রয়েছে ডিএমপির। নিয়মিত কার্যক্রমের পাশাপাশি বিশেষ অভিযান চলমান থাকবে। শান্তিপূর্ণ ও নিরাপদ ঢাকা বিনির্মাণে ঢাকা মেট্রোপলিটন পুলিশ সর্বদা বদ্ধপরিকর বলে জানান ডিএমপি কমিশনার।
এসময় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) মোহাম্মদ শামসুল হকসহ সহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তাগণ এবং বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































