দেশের ৭ অঞ্চলে ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৬ জুন ২০২৬, ০৮:৫১
অ- অ+

দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের সাতটি অঞ্চলে দমকা হাওয়া, ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার (৬ জুন) সকাল ৯টার মধ্যে এসব এলাকায় ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানানো হয়েছে। এ কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর (পুনঃ) সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

শুক্রবার (৫ জুন) রাতে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য প্রকাশিত বিশেষ আবহাওয়া বুলেটিনে এ তথ্য জানানো হয়।

আবহাওয়াবিদ মো. আব্দুল হামিদ মিয়ার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, রাজশাহী, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে।

এদিকে আগামী পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। পাশাপাশি আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু কক্সবাজার উপকূল পর্যন্ত অগ্রসর হতে পারে।

এর প্রভাবে আগামী ২৪ ঘণ্টায় দেশের আট বিভাগেই কম-বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন স্থানে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণও হতে পারে। বৃষ্টিপাতের কারণে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে, ফলে গত কয়েক দিনের ভ্যাপসা গরম থেকে সাধারণ মানুষের কিছুটা স্বস্তি মিলতে পারে।

আবহাওয়াবিদদের মতে, মৌসুমি বায়ুর অগ্রগতির সঙ্গে সঙ্গে আগামী কয়েক দিনে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা আরও বাড়তে পারে। তাই নদীপথে চলাচলকারী নৌযান ও সংশ্লিষ্টদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

(ঢাকাটাইমস/৬ জুন/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মহাখালী কাঁচাবাজারে বাস উল্টে হেলপার নিহত, আহত ২
সাহারা মরুভূমিতে লরি বিকল, পানির অভাবে প্রাণ গেল ৪৯ জনের
পুশইন প্রতিরোধে কঠোর অবস্থানে বিজিবি: ২৪ ঘণ্টায় আরও ০৮টি পুশইন অপচেষ্টা প্রতিহত
বাংলাদেশ-ভারত সীমান্তে পুশইন ইস্যুতে উত্তেজনা, মুখোমুখি বিজিবি-বিএসএফ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা