বাড়তে পারে হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ, সতর্ক থাকার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

চলতি মৌসুমে হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, চিকিৎসকদের মতে এবার ডেঙ্গুর ভয়াবহ রূপ দেখা যেতে পারে, যেখানে রোগীদের রক্তক্ষরণের ঝুঁকিও থাকবে। তাই পরিস্থিতি মোকাবিলায় সবাইকে আগাম সতর্ক ও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
আজ শনিবার (৬ জুন) সকালে রাজধানীর ধানমন্ডির রবীন্দ্র সরোবরে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী বিশেষ অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, “চিকিৎসকরা আশঙ্কা করছেন, এবারের ডেঙ্গুর ধরন হতে পারে হেমোরেজিক ডেঙ্গু। এতে আক্রান্ত ব্যক্তির শরীরে রক্তক্ষরণের মতো জটিলতা দেখা দিতে পারে। তাই রোগ প্রতিরোধে এখন থেকেই সবাইকে সচেতন হতে হবে।”
ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকারের কঠোর অবস্থানের কথা উল্লেখ করে তিনি জানান, আগামী দুই থেকে তিন দিনের মধ্যে মোবাইল কোর্ট পরিচালনা শুরু হবে। যেসব বাসাবাড়ি, প্রতিষ্ঠান বা স্থাপনায় এডিস মশার লার্ভা পাওয়া যাবে, তাদের বিরুদ্ধে জরিমানা করা হবে।
তিনি আরও বলেন, “ডেঙ্গু প্রতিরোধে দায়িত্ব পালনে কেউ অসহযোগিতা করলে আইন প্রয়োগ ছাড়া সরকারের সামনে অন্য কোনো পথ থাকবে না।”
অনুষ্ঠানে উপস্থিত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আব্দুস সালাম বলেন, ডেঙ্গু মোকাবিলায় শুধু সিটি করপোরেশনের উদ্যোগ যথেষ্ট নয়; জনগণের সক্রিয় অংশগ্রহণও প্রয়োজন।
তিনি জানান, ডিএসসিসির সাম্প্রতিক জরিপে ৬৩টি ওয়ার্ডকে ডেঙ্গু ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে ২৮টি ওয়ার্ডকে অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়েছে।
আব্দুস সালাম বলেন, “ডেঙ্গু প্রতিরোধে জনগণের দায়িত্ব ৫০ শতাংশ এবং সিটি করপোরেশনের দায়িত্ব ৫০ শতাংশ। উভয় পক্ষ সমন্বিতভাবে কাজ করলেই ডেঙ্গুর বিস্তার কার্যকরভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব।”
বর্ষা মৌসুম সামনে রেখে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান, জনসচেতনতা বৃদ্ধি এবং মশার প্রজননস্থল ধ্বংসে সরকার ও সিটি করপোরেশনের উদ্যোগ আরও জোরদার করা হবে বলেও অনুষ্ঠানে জানানো হয়।
(ঢাকাটাইমস/৬ জুন/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































