বাংলাদেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, সৌদি আরবে মৃত্যু ৪৮ জন

পবিত্র হজ পালন শেষে এখন পর্যন্ত সৌদি আরব থেকে মোট ৭৮টি ফিরতি ফ্লাইটে দেশে ফিরেছেন ৩২ হাজার ৮৩২ জন বাংলাদেশি হাজি। একই সময়ে দেশটিতে মৃত্যুবরণ করেছেন ৪৮ জন হজযাত্রী।
ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হজ বুলেটিন অনুযায়ী, শনিবার (৬ জুন) পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী মৃতদের মধ্যে ৩২ জন পুরুষ এবং ১৬ জন নারী। মৃত্যুর স্থান হিসেবে মক্কায় ৩৫ জন, মদিনায় ১২ জন এবং জেদ্দায় ১ জনের মৃত্যু হয়েছে।
হজ-পরবর্তী ফিরতি ফ্লাইট কার্যক্রম চলমান রয়েছে এবং আগামী ৩০ জুন পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
এ পর্যন্ত দেশে ফেরা হাজিদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ৩ হাজার ৩২৮ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ২৯ হাজার ৫০৪ জন।
হাজিদের পরিবহন করেছে বিভিন্ন এয়ারলাইনস—
বিমান বাংলাদেশ এয়ারলাইনস: ১১ হাজার ৫৭৯ জন
সৌদি এয়ারলাইনস: ১২ হাজার ৫৫৯ জন
ফ্লাইনাস এয়ারলাইনস: ৭ হাজার ৭০০ জন
অন্যান্য এয়ারলাইনস: ৯৯৪ জনবাংলাদেশ থেকে এবারের হজ মৌসুমে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট ৭৮ হাজার ৫০০ জনের বেশি হজযাত্রীর কোটা নির্ধারিত ছিল।
হজযাত্রীদের চিকিৎসা ও সেবা কার্যক্রম সৌদি আরবে অব্যাহত রয়েছে। বাংলাদেশ হজ মিশনের চিকিৎসাকেন্দ্র থেকে এখন পর্যন্ত ৫৭ হাজার ২০২টি চিকিৎসা ব্যবস্থাপত্র প্রদান করা হয়েছে। পাশাপাশি আইটি হেল্পডেস্কের মাধ্যমে ২৬ হাজার ৩৫টি সেবা দেওয়া হয়েছে।
এছাড়া সৌদি আরবের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ৩৬০ জন হাজি, যাদের মধ্যে বর্তমানে ২৩ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন।
ধর্মবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, হজযাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন প্রত্যাবর্তন নিশ্চিত করতে বাংলাদেশ হজ মিশন, বিমান সংস্থা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সমন্বিতভাবে কাজ করছে। নির্ধারিত সময়সূচি অনুযায়ী আগামী ৩০ জুন শেষ ফিরতি ফ্লাইটের মাধ্যমে হজ ফেরত কার্যক্রম সম্পন্ন হবে।
(ঢাকাটাইমস/৬ জুন/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































