সীমান্ত নিরাপত্তায় ১১ জেলায় আনসার-ভিডিপি সদস্য মোতায়েন

দেশের সীমান্ত নিরাপত্তা জোরদার এবং আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে সমন্বয় করে কাজ করছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। এ কার্যক্রমের অংশ হিসেবে সীমান্তবর্তী ১১ জেলায় আনসার-ভিডিপির সদস্যদের মোতায়েন করা হয়েছে।
রবিবার রাতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপপরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. আশিকউজ্জামানের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের সার্বভৌমত্ব রক্ষা, সীমান্ত ব্যবস্থাপনা এবং নিরাপত্তা কার্যক্রম আরও কার্যকর করতে ২০২৫ সালে বিজিবি ও আনসার-ভিডিপির মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়। ওই সমঝোতার আওতায় সীমান্তবর্তী এলাকায় আনসার-ভিডিপির সদস্যদের সম্পৃক্ত করা হয়েছে।
বর্তমানে চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট, যশোর, ঝিনাইদহ, সাতক্ষীরা, ঠাকুরগাঁও, দিনাজপুর, সিলেট, জামালপুর ও খাগড়াছড়ি জেলার বিভিন্ন উপজেলা ও থানা পর্যায়ে আনসার-ভিডিপি এবং ট্রাইবাল ডিফেন্স পার্টির (টিডিপি) সদস্যরা দায়িত্ব পালন করছেন।
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, উদ্ভূত পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়া এবং প্রয়োজন হলে অতিরিক্ত জনবল সরবরাহের জন্য আনসার ব্যাটালিয়নের সদস্যদেরও প্রস্তুত রাখা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সীমান্ত নিরাপত্তা কার্যক্রমে আনসার-ভিডিপির অংশগ্রহণের ফলে সীমান্ত এলাকায় নজরদারি বৃদ্ধি পাচ্ছে। পাশাপাশি আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধ এবং স্থানীয় জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে একটি সমন্বিত নিরাপত্তা ব্যবস্থা গড়ে উঠছে। এ উদ্যোগ জাতীয় নিরাপত্তা কাঠামোকে আরও শক্তিশালী করতে সহায়ক ভূমিকা রাখবে বলেও উল্লেখ করা হয়।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































