নারায়ণগঞ্জের রূপগঞ্জে গন্ধর্বপুর পানি শোধনাগার এক বছরের মধ্যে চালু হবে: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৮ জুন ২০২৬, ১৫:৩০
অ- অ+

নারায়ণগঞ্জের রূপগঞ্জে নির্মাণাধীন গন্ধর্বপুর পানি শোধনাগার প্রকল্প আগামী এক বছরের মধ্যে পূর্ণাঙ্গভাবে চালু হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রকল্পটি চালু হলে প্রথম ধাপে প্রতিদিন ৫০ কোটি লিটার এবং পরবর্তীতে ১০০ কোটি লিটার বিশুদ্ধ পানি রাজধানী ঢাকায় সরবরাহ করা সম্ভব হবে।

আজ সোমবার (৮ জুন) নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গন্ধর্বপুরে ঢাকা ওয়াসা বাস্তবায়নাধীন ‘এনভায়রনমেন্টালি সাসটেইনেবল ওয়াটার সাপ্লাই (ডিইএসডব্লিউএস)’ প্রকল্প পরিদর্শনকালে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

মন্ত্রী জানান, চলতি বছরের ডিসেম্বরের মধ্যে পরীক্ষামূলক ও আংশিক পানি সরবরাহ শুরু করার পরিকল্পনা রয়েছে। এরপর ধাপে ধাপে প্রকল্পের অবশিষ্ট কাজ সম্পন্ন করে আগামী এক বছরের মধ্যে এটি পূর্ণাঙ্গভাবে চালু করা হবে।

মির্জা ফখরুল বলেন, রাজধানীর পানির চাহিদা পূরণে দীর্ঘদিন ধরে ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরশীলতা তৈরি হয়েছে। এর ফলে পানির স্তর ক্রমাগত নিচে নেমে যাচ্ছে। এই পরিস্থিতি মোকাবিলায় মেঘনা নদী-র পানি শোধন করে ঢাকায় সরবরাহের উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, গন্ধর্বপুর প্রকল্প চালু হলে প্রথম ধাপে দৈনিক ৫০ কোটি লিটার বিশুদ্ধ পানি সরবরাহ করা যাবে। একই ধরনের আরেকটি প্রকল্প বাস্তবায়িত হলে অতিরিক্ত আরও ৫০ কোটি লিটার পানি সরবরাহ সম্ভব হবে, যা রাজধানীর দীর্ঘমেয়াদি পানির চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক মো. আমিনুল ইসলাম জানান, প্রকল্পটির প্রায় ৯৭ শতাংশ কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। দ্বিতীয় ধাপের কাজ শেষ হলে এর মোট পানি সরবরাহ সক্ষমতা দাঁড়াবে ১০০ কোটি লিটারে।

প্রকল্প সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গন্ধর্বপুর পানি শোধনাগার নির্মাণে ব্যয় ধরা হয়েছে প্রায় ১০ হাজার ৯৭৪ কোটি টাকা।

পরিদর্শন শেষে প্রকল্পের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করে অবশিষ্ট কাজ দ্রুত সম্পন্ন করার নির্দেশনা দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

(ঢাকাটাইমস/৮ জুন/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চলতি মৌসুমে ৩ কোটি ২৭ লাখ টন বোরো ধান উৎপাদন হয়েছে : খাদ্য প্রতিমন্ত্রী
ভুয়া কমিটি নিয়ে বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা
টানা চার বিশ্বকাপে ভবিষ্যদ্বাণী মিলেছে, চ্যাম্পিয়ন হিসেবে এবার যে দলকে বেছে নিল ইএ স্পোর্টস
আবারও রিয়াল মাদ্রিদের সভাপতি হলেন পেরেজ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা