নবম পে-স্কেলের গেজেট শিগগিরই জারি হচ্ছে, বাজেটে থাকছে বিশেষ বরাদ্দ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৯ জুন ২০২৬, ১৪:৩৬| আপডেট : ০৯ জুন ২০২৬, ১৪:৩৮
অ- অ+

নবম জাতীয় পে-স্কেল কার্যকরের প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাচ্ছে সরকার। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘদিনের প্রত্যাশিত এই বেতন কাঠামো আগামী ১ জুলাই থেকে কার্যকর করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। প্রধানমন্ত্রীর অনুমোদন পাওয়ার পর অর্থ মন্ত্রণালয় নতুন পে-স্কেলের গেজেট প্রকাশ করবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, ২০২৬-২৭ অর্থবছরের শুরু থেকেই নতুন বেতন কাঠামো বাস্তবায়নের লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি এগিয়ে নেওয়া হচ্ছে। এ লক্ষ্যে জুন মাসের মধ্যেই গেজেট জারির উদ্যোগ নেওয়া হয়েছে।

নতুন পে-স্কেল বাস্তবায়নের জন্য আসন্ন বাজেটে প্রায় ৩৫ হাজার কোটি টাকার বিশেষ থোক বরাদ্দ রাখার পরিকল্পনা রয়েছে। তবে পুরো কমিশনের সুপারিশ একসঙ্গে বাস্তবায়ন করতে এক লাখ কোটি টাকারও বেশি অর্থের প্রয়োজন হওয়ায় সরকার ধাপে ধাপে বাস্তবায়নের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে।

প্রস্তাবিত বেতন কাঠামো অনুযায়ী, সরকারি চাকরিজীবীদের বিদ্যমান ২০টি গ্রেড বহাল থাকবে। সর্বনিম্ন মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা এবং প্রথম গ্রেডের সর্বোচ্চ বেতন ৭৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ ৬০ হাজার টাকা করার সুপারিশ করা হয়েছে।

এছাড়া নতুন পে-স্কেলের আওতায় প্রায় ৯ লাখ পেনশনভোগীকেও অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে। বিশেষ করে কম পেনশন পাওয়া অবসরপ্রাপ্তদের ক্ষেত্রে পেনশন সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানোর বিষয়টি বিবেচনায় রাখা হয়েছে।

সরকারি সূত্র জানায়, দেশের আর্থিক সক্ষমতা বিবেচনায় নতুন পে-স্কেল তিন ধাপে বাস্তবায়নের পরিকল্পনা করা হয়েছে। প্রথম ধাপে আগামী ১ জুলাই থেকে মূল বেতনের প্রায় ৫০ শতাংশ বৃদ্ধি কার্যকর হতে পারে। পরবর্তী দুই বছরে বাকি অংশ সমন্বয়ের মাধ্যমে বাস্তবায়ন করা হবে।

তবে ধাপে ধাপে বাস্তবায়নের পরিকল্পনায় অসন্তোষ প্রকাশ করেছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীদের একটি অংশ। বিভিন্ন কর্মচারী সংগঠনের দাবি, বর্তমান মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নতুন পে-স্কেল এক ধাপেই শতভাগ বেতন বৃদ্ধিসহ কার্যকর করা উচিত।

নতুন পে-স্কেল বাস্তবায়ন নিয়ে সরকারি মহলে প্রস্তুতি জোরদার হলেও চূড়ান্ত সিদ্ধান্ত ও গেজেট প্রকাশের দিকে এখন সবার নজর রয়েছে।

(ঢাকাটাইমস/৯ জুন/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রপ্তানি ধরে রাখতে জোরালো প্রতিযোগিতায় নামতে হবে: পররাষ্ট্রমন্ত্রী
পাঁচ মাসে ধর্ষণের শিকার ২৫০ নারী ও শিশু: মহিলা পরিষদ
রাউজানে যুবদল নেতা মাসুদ চৌধুরী নিহত, রাঙ্গুনিয়ায় সড়ক অবরোধ
জামায়াতের সাবেক এমপি ফরিদ উদ্দিন চৌধুরী মারা গেছেন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা