অপহরণ নয়, স্বেচ্ছায় আত্মগোপনে ছিলেন শিবির নেতা জিসান, উদ্ধারের পর থানায় ধর্ষণ মামলা

কুমিল্লার দাউদকান্দিতে ছাত্রশিবির নেতা জিসান প্রধান অপহরণ হননি, তিনি স্বেচ্ছায় আত্মগোপনে ছিলেন বলে দাবি করছে কুমিল্লা জেলা পুলিশ।
জেলা পুলিশের দাবি, কুমিল্লার লাকসাম এলাকা থেকে শুক্রবার রাতে উদ্ধার হওয়া জিসান মিয়া অপহরণের শিকার হননি, তিনি স্বেচ্ছায় আত্মগোপনে ছিলেন। তবে উদ্ধার হওয়ার পর তিনি দাবি করেন, তাকে গাড়িতে করে অপহরণ করা হয়েছিল।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়, গত ২০ মে দাউদকান্দির ভাড়া বাসায় এক নারীকে বিয়ের প্রলোভনে ধর্ষণ এবং পরবর্তীতে তার গর্ভপাত ঘটানোর অভিযোগ রয়েছে জিসানের বিরুদ্ধে। অভিযোগ অনুযায়ী, পরবর্তী সময়ে ওই নারী বিয়ের জন্য চাপ দিলে তিনি বিষয়টি এড়িয়ে যান এবং বৃহস্পতিবার আত্মগোপনে চলে যান। এ ঘটনায় তার চাচাতো ভাই রাসেল আহম্মদের মাধ্যমে থানায় নিখোঁজ জিডি করা হয়।
পুলিশ আরও জানায়, শুক্রবার রাতে উদ্ধারের পর ওই নারী বাদী হয়ে দাউদকান্দি মডেল থানায় ধর্ষণ, ধর্ষণে সহায়তা এবং গর্ভপাত ঘটানোর অভিযোগে জিসানসহ চারজনের বিরুদ্ধে মামলা করেন।
কুমিল্লার পুলিশ সুপার আনিসুজ্জামান জানান, “নিখোঁজের ঘটনায় অপহরণের কোনো সত্যতা পাওয়া যায়নি। তিনি নিজেই আত্মগোপনে ছিলেন। পরে সংশ্লিষ্ট অভিযোগে মামলা হয়েছে।”
উল্লেখ্য, অভিযুক্ত জিসান মিয়া প্রধান বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির-এর কেন্দ্রীয় সহকারী আন্তর্জাতিক সম্পাদক এবং কুমিল্লা জেলা পশ্চিম শাখার সাবেক সভাপতি।
(ঢাকাটাইমস/১৩ জুন/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































