সিগারেটের দাম বাড়ানোর প্রস্তাব

দেশে সব ধরনের সিগারেটের দাম বাড়ানোর প্রস্তাব করা হয়েছে ২০২৬–২৭ অর্থবছরের জাতীয় বাজেটে। একই সঙ্গে প্রথমবারের মতো নিকোটিন পাউচ আমদানিতে ৩৫০ শতাংশ সম্পূরক শুল্ক আরোপ এবং হিটেড টোব্যাকো পণ্যের ওপর নতুন করে কর আরোপের প্রস্তাব দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার জাতীয় সংসদে বাজেট উপস্থাপনকালে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ প্রস্তাব তুলে ধরেন। আগামী অর্থবছরের জন্য তিনি ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পেশ করেন।
বাজেট প্রস্তাব অনুযায়ী, সিগারেটের ন্যূনতম খুচরা মূল্য নিম্নস্তরের ক্ষেত্রে প্রতি ১০ শলাকায় ৬২ টাকা, মধ্যম স্তরে ৯২ টাকা, উচ্চস্তরে ১৬০ টাকা এবং অতি উচ্চস্তরে ২১০ টাকা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে।
বর্তমানে নিম্নস্তরের সিগারেটের মূল্য প্রতি ১০ শলাকায় ৬০ টাকা। প্রস্তাব অনুযায়ী তা ২ টাকা বেড়ে ৬২ টাকা হবে। মধ্যম স্তরে ৮০ টাকা থেকে বেড়ে ৯২ টাকা, উচ্চস্তরে ১৪০ টাকা থেকে ১৬০ টাকা এবং অতি উচ্চস্তরে ১৮৫ টাকা থেকে ২১০ টাকা হবে।
নিকোটিন পাউচ ও হিটেড টোব্যাকোতে নতুন কর
বাজেটে প্রথমবারের মতো নিকোটিন পাউচ ও হিটেড টোব্যাকোর ওপর সর্বোচ্চ খুচরা মূল্য ও সম্পূরক শুল্ক নির্ধারণের প্রস্তাব করা হয়েছে।
প্রস্তাব অনুযায়ী, প্রতি ১০ গ্রাম নিকোটিন পাউচের সর্বোচ্চ খুচরা মূল্য ৫০০ টাকা নির্ধারণ করে এর ওপর ৪০ শতাংশ সম্পূরক শুল্ক আরোপ করা হবে। অন্যদিকে, প্রতি ১০ শলাকা হিটেড টোব্যাকোর সর্বোচ্চ খুচরা মূল্য ২১০ টাকা নির্ধারণ করে এর ওপর ৬৭ শতাংশ সম্পূরক শুল্ক আরোপের প্রস্তাব করা হয়েছে।
এ ছাড়া জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর বিবেচনায় নিকোটিন গ্র্যানুলস ও নিকোটিন পাউচ আমদানি নিরুৎসাহিত করতে নতুন এইচএস কোড সৃজন করে ৩৫০ শতাংশ সম্পূরক শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী।
‘ট্র্যাক অ্যান্ড ট্রেস’ ব্যবস্থা চালুর প্রস্তাব
অবৈধ তামাকপণ্যের বাণিজ্য নিয়ন্ত্রণে উৎপাদন ও সরবরাহব্যবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণের জন্য ‘ট্র্যাক অ্যান্ড ট্রেস’ পদ্ধতি চালুর প্রস্তাবও রাখা হয়েছে বাজেটে।
এদিকে বাজেট প্রস্তাব নিয়ে প্রতিক্রিয়া জানিয়ে তামাক নিয়ন্ত্রণ গবেষক সুশান্ত সিনহা বলেন, করহার না বাড়িয়ে মূল্যবৃদ্ধির ফলে বহুজাতিক সিগারেট কোম্পানিগুলো বাড়তি মুনাফার সুযোগ পেতে পারে। তাঁর মতে, দেশের মোট সিগারেট বিক্রয়ের বড় অংশই নিম্নস্তরের সিগারেট হওয়ায় এ স্তরে মূল্যবৃদ্ধির প্রভাব ভোক্তাদের ওপর বেশি পড়বে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































