নেই ডিএনসির অনুমোদন

লালমাটিয়ায় স্কুল-কলেজ ও ধর্মীয় প্রতিষ্ঠানের পাশে ‘মদের বার’, ক্ষুব্ধ স্থানীয়রা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৬ জুন ২০২৬, ১৮:৩০
অ- অ+

রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়া এলাকায় শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় উপাসনালয় ও আবাসিক এলাকার পাশে গড়ে ওঠা একটি মদের বার বন্ধের দাবি জানিয়েছে স্থানীয় বাসিন্দারা। এ বিষয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কাছে আনুষ্ঠানিকভাবে চিঠিও দিয়েছে লালমাটিয়া হাউজিং সোসাইটির নিরাপত্তা কমিটি।

সম্প্রতি লালমাটিয়া হাউজিং সোসাইটি নিরাপত্তা কমিটির সভাপতি হাজী বেলাল আহমেদের স্বাক্ষরিত এক চিঠিতে ‘কয়লা রেস্টুরেন্ট অ্যান্ড বার’কে দ্রুত সময়ের মধ্যে কার্যক্রম বন্ধ করার আহ্বান জানানো হয়।

চিঠিতে বলা হয়, ঐতিহ্যবাহী লালমাটিয়া একটি শান্তিপূর্ণ আবাসিক এলাকা, যেখানে কয়েক লাখ মানুষের বসবাস। এলাকাটিতে অর্ধশতাধিক স্কুল-কলেজ, মাদ্রাসা ও ধর্মীয় প্রতিষ্ঠান রয়েছে। সামাজিক ও শিক্ষাবান্ধব পরিবেশের কারণে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ দীর্ঘদিন ধরে এখানে বসবাস করে আসছেন।

এতে আরও বলা হয়, লালমাটিয়া সোসাইটির পাশেই ‘কয়লা রেস্টুরেন্ট অ্যান্ড বার’ নামে একটি মদের বার গড়ে তোলা হয়েছে, যা শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় উপাসনালয় ও আবাসিক এলাকার জন্য বিদ্যমান নীতিমালার সঙ্গে সাংঘর্ষিক। এ কারণে স্থানীয় স্কুল-কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীদের অভিভাবকরা নিয়মিতভাবে সোসাইটির কাছে মৌখিক অভিযোগ জানিয়ে আসছেন। পাশাপাশি বিভিন্ন মসজিদের ইমামরাও বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

চিঠিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে শিশু-কিশোরদের সামাজিক বিকাশ, শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ এবং ধর্মীয় উপাসনালয়ের মর্যাদার বিষয়টি বিবেচনায় নিয়ে দ্রুত মদের বারটি বন্ধ করার আহ্বান জানানো হয়।

এ বিষয়ে লালমাটিয়া হাউজিং সোসাইটির সভাপতি হাজী বেলাল আহমেদ বলেন, এলাকার বাসিন্দা, অভিভাবক ও ধর্মীয় নেতাদের কাছ থেকে একাধিক অভিযোগ পাওয়ার পর আমরা আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়েছি। আমরা চাই, লালমাটিয়ার ঐতিহ্য ও সামাজিক পরিবেশ অক্ষুণ্ন থাকুক।

এর আগে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, আবাসিক এলাকা ও শিক্ষা প্রতিষ্ঠানের পাশে এমন প্রতিষ্ঠানের উপস্থিতি শিশু-কিশোরদের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

অনুমতি নেই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের

এদিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) অনুমতি ছাড়াই বারটিতে কার্যক্রম পরিচালনা হচ্ছে বলে জানা গেছে। ডিএনসির পরিচালক (প্রশাসন ও অর্থ) আবুল কালাম আজাদ জানিয়েছেন, গত দুই বছরে মহানগর এলাকায় নতুন কোনো মদের বার স্থাপনের অনুমোদন দেওয়া হয়নি। কোনো প্রতিষ্ঠান অনুমোদন ছাড়া কার্যক্রম পরিচালনা করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান বলেন, লালমাটিয়া এলাকায় নতুন কোনো বার স্থাপনের বিষয়ে তাদের কাছে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য নেই। অভিযোগ পাওয়া গেলে বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জন্মদিনে জার্মানির জার্সি উপহার পেলেন ট্রাম্প
বাস ও ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত ৬০
মাটিচাপা কন্যাশিশু, পুলিশ-জনতা সংঘর্ষে আহত ৩০, ডিসি-এসপির গাড়ি ভাঙচুর
মমতার বাড়ির সামনে কুণালের ওপর পচা ডিম নিক্ষেপ, দুজন গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা