জুলাই হত্যাকাণ্ডের বিচার করুন, না হলে যাওয়ার পথ খুঁজুন: শফিকুর রহমান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৩ জুন ২০২৬, ১৯:৫৯| আপডেট : ২৩ জুন ২০২৬, ২০:০১
অ- অ+

জুলাই হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে সরকারের প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, ‘হয় আপনারা বিচার নিশ্চিত করুন, না হয় যাওয়ার পথ খুঁজে বের করুন। অন্যায় ও ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রয়োজনে আবারও বিপ্লব হবে।’ দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও মানুষের অধিকার রক্ষায় সবাইকে প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি।

মঙ্গলবার রাজধানীর বিজয়নগর পানির ট্যাংকির সামনে 'আওয়ামী ফ্যাসিস্ট কতৃক সংঘটিত সকল গুম খুন ও গণহত্যার বিচার দাবি'তে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।

জামায়াত আমির বলেন, দীর্ঘ সাড়ে ১৭ বছরের ফ্যাসিবাদী শাসনের পর জনগণ নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছিল। কিন্তু বর্তমান সরকারের কর্মকাণ্ডে সেই প্রত্যাশা ধীরে ধীরে ম্লান হয়ে যাচ্ছে।

তিনি বলেন, ক্ষমতায় আসার আগে যারা হত্যা, গুম ও নির্যাতনের বিচার নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছিল, ক্ষমতায় এসে তাদের অবস্থান বদলে গেছে। বিচার তো হচ্ছেই না, বরং গত চার মাসে ৬০০ জনের বেশি মানুষ খুন হয়েছে।

শফিকুর রহমান বলেন, নিজেদের কর্মীদের জীবন ও নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে ২০ কোটি মানুষের প্রতি তাদের দায়বদ্ধতা কতটুকু, সেটি নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে।

তিনি অভিযোগ করেন, দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে দলীয়করণ চলছে। ব্যাংক, বিশ্ববিদ্যালয়, কলেজ থেকে শুরু করে প্রশাসনের বিভিন্ন স্তরে দলীয় প্রভাব বাড়ছে। এমনকি খেলার মাঠও দলীয় প্রভাবের বাইরে থাকছে না।

জামায়াত আমির বলেন, ফ্যাসিবাদ থেকে মুক্তির কথা বলে যদি আবার সেই একই পথে হাঁটা হয়, তাহলে জনগণ তা মেনে নেবে না। শহীদদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা যাবে না। হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতেই হবে।

সমাবেশে তিনি আরও বলেন, গাইবান্ধায় ছাত্রশিবিরের এক তরুণ নেতাকে প্রকাশ্যে হত্যা করা হয়েছে। হত্যা করে একজন মানুষকে দুনিয়া থেকে সরানো যায়, কিন্তু কোনো আদর্শকে নির্মূল করা যায় না।

তিনি বলেন, রাসুলুল্লাহ (সা.)-এর আদর্শ এ দেশের মানুষের হৃদয়ে গেঁথে আছে। কোনো শক্তিই সেই আদর্শকে মুছে ফেলতে পারবে না।

সরকারের উদ্দেশে তিনি বলেন, মজলুম ছিলেন, জালেম হবেন না। মেহেরবানী করে বিচারগুলো নিশ্চিত করুন।

বক্তব্যের শেষে তিনি বলেন, পুরাতন-নতুন কোনো ফ্যাসিবাদই আমরা মেনে নেব না। জীবন একটাই, সেই জীবন আল্লাহর জন্য, মানুষের জন্য উৎসর্গ করতে প্রস্তুত আছি।

১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ড. এএইচএম হামিদুর রহমান আযাদের সভাপতিত্বে ও ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্যে রাখেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ড. এএইচএম হামিদুর রহমান আযাদ, নির্বাহী কমিটির সদস্য রফিকুল ইসলাম খান এমপি, ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল, উত্তরের আমির সেলিম উদ্দিন, খেলাফত মজলিসের নায়েবে আমির আহমদ আলী কাসেমী, লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, এলডিপির ভারপ্রাপ্ত মহাসচিব মো. বিল্লাল হোসেন মিয়াজী, এবি পার্টির সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ, এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোওয়ারী, জাগপা সহ-সভাপতি রাশেদ প্রধান, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন প্রমুখ।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ভঙ্গুর অর্থনৈতিক পরিস্থিতি কাটিয়ে ওঠার লক্ষ্যেই বর্তমান বাজেট: চিফ হুইপ
বৈশ্বিক বিনিয়োগকারীদের জন্য আস্থার পরিবেশ নিশ্চিত করতে চায় সরকার: মাহদী আমিন
ব্রাজিলের গোলকিপারের জার্সিতে পরিবর্তন আনল ফিফা
ডেঙ্গু রুখতে মীর শাহে আলমের নেতৃত্বে ১৯ সদস্যের টাস্কফোর্স গঠন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা