সেন্টমার্টিনে দুর্যোগকবলিত পরিবারে কোস্ট গার্ডের ত্রাণ বিতরণ

টানা বর্ষণ ও বৈরী আবহাওয়ার কারণে নৌযোগাযোগ ব্যাহত হওয়ায় সেন্টমার্টিনের ক্ষতিগ্রস্ত ১০০টি পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
শুক্রবার বিকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সপ্তাহব্যাপী প্রবল বর্ষণ ও বৈরী আবহাওয়ার কারণে সেন্টমার্টিনের সঙ্গে নৌযোগাযোগ ব্যাহত হওয়ায় দ্বীপটির অনেক পরিবার নিত্যপ্রয়োজনীয় সামগ্রী সংগ্রহে সমস্যায় পড়ে। এ পরিস্থিতিতে শুক্রবার সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত কোস্ট গার্ড পূর্ব জোনের তত্ত্বাবধানে কোস্ট গার্ড স্টেশন সেন্টমার্টিন ক্ষতিগ্রস্ত ১০০টি পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করে।
কোস্ট গার্ড জানায়, প্রতিষ্ঠালগ্ন থেকেই উপকূলীয় ও নদীতীরবর্তী অঞ্চলে জননিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি বিভিন্ন দুর্যোগ ও সংকটময় সময়ে উদ্ধার ও মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করে আসছে বাহিনীটি। প্রাকৃতিক দুর্যোগ, বৈরী আবহাওয়া কিংবা জরুরি পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে প্রয়োজনীয় সহায়তা দিয়ে আসছে তারা।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ভবিষ্যতেও উপকূলীয় এলাকায় দুর্যোগ ও সংকটকালীন সময়ে মানবিক সহায়তা এবং জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখবে বাংলাদেশ কোস্ট গার্ড।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































