নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন সেপ্টেম্বরে: আইনমন্ত্রী

আগামী সেপ্টেম্বরের জাতীয় সংসদ অধিবেশনে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, রাষ্ট্রপতি নির্বাচনের জন্য বিশেষ অধিবেশন ডাকার প্রয়োজনীয়তা তৈরি হয়নি।
আজ শনিবার (২৫ জুলাই) রাজধানীর সিরডাপ মিলনায়তনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এ তথ্য জানান।
সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে মামলা সংক্রান্ত এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, এ বিষয়ে এখনই কোনো মন্তব্য করতে চান না।
তিনি আরও বলেন, চট্টগ্রামে জুলাই আন্দোলনে আহত ৮ জনের বিরুদ্ধে দায়ের করা মামলা যদি মিথ্যা প্রমাণিত হয়, তাহলে তা প্রত্যাহার করা হবে।
আইনমন্ত্রী জানান, বর্তমানে ‘এক্সট্রা কিলিং’ শূন্যের কোঠায় রয়েছে। তবে বড় কোনো রাজনৈতিক নেতা হলেও ধর্ষণসহ গুরুতর অপরাধের মামলা প্রত্যাহার করা হবে না।
এর আগে মো. সাহাবুদ্দিন ২০২৩ সালের ২৪ এপ্রিল দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। সংবিধান অনুযায়ী তার মেয়াদ ২০২৮ সালের এপ্রিল পর্যন্ত থাকার কথা ছিল। তবে মেয়াদ শেষ হওয়ার প্রায় দুই বছর আগেই স্বাস্থ্যগত কারণ দেখিয়ে তিনি দায়িত্ব থেকে সরে দাঁড়ান।
সংবিধানের বিধান অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হলে নতুন রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। সেই অনুযায়ী স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বর্তমানে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন।
সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার পর ৯০ দিনের মধ্যে জাতীয় সংসদের মাধ্যমে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করার বিধান রয়েছে। আইনমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, আগামী সেপ্টেম্বরের সংসদ অধিবেশনেই সেই নির্বাচন অনুষ্ঠিত হবে।
(ঢাকাটাইমস/২৫ জুলাই/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন










































