ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন ‘নউল’, চীনের দক্ষিণাঞ্চলে উচ্চ সতর্কতা

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৬ জুলাই ২০২৬, ০৮:৪৮
অ- অ+

চীনের দক্ষিণাঞ্চলের উপকূলের দিকে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন ‘নউল’। সম্ভাব্য ভয়াবহ ক্ষয়ক্ষতি এড়াতে ইতোমধ্যে ২০ হাজারের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। পাশাপাশি রেল চলাচল আংশিকভাবে স্থগিত করা হয়েছে এবং জারি করা হয়েছে উচ্চমাত্রার আবহাওয়া সতর্কতা।

বার্তা সংস্থা এএফপির বরাতে জানা গেছে, চীনের জাতীয় আবহাওয়া কেন্দ্র জানিয়েছে, শনিবার (২৫ জুলাই) সন্ধ্যা থেকে রোববার (২৬ জুলাই) সকালের মধ্যে হংকং থেকে গুয়াংডং প্রদেশ পর্যন্ত উপকূলীয় এলাকায় টাইফুন ‘নউল’ আঘাত হানতে পারে।

পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় দেশটির চার স্তরের সতর্কতা ব্যবস্থার দ্বিতীয় সর্বোচ্চ স্তর ‘কমলা সতর্কতা’ বহাল রাখা হয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, গুয়াংডং ও পার্শ্ববর্তী ফুজিয়ান প্রদেশের বিভিন্ন এলাকায় প্রবল ঝোড়ো হাওয়া এবং ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাত হতে পারে।

রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি জানিয়েছে, শুক্রবার রাত পর্যন্ত গুয়াংডং প্রদেশ থেকে ২০ হাজারের বেশি মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। একই সঙ্গে সাগরে থাকা মাছ ধরার নৌযানগুলোকে দ্রুত বন্দরে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে।

টাইফুনের প্রভাবে শনিবার সকালে গুয়াংডংয়ের কয়েকটি রেলপথে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। এছাড়া রোববার প্রদেশটির সব ধরনের ট্রেন পরিষেবা সাময়িকভাবে স্থগিত থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, গুয়াংডংয়ের চাওঝৌ শহরের সব স্কুলে শিক্ষা কার্যক্রম ও অন্যান্য কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে চলতি মাসেই চীনের দক্ষিণ ও মধ্যাঞ্চলে বৈরী আবহাওয়ায় ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতি হয়েছে। গুয়াংশি অঞ্চলে টাইফুন মায়সাক-এর প্রভাবে সৃষ্ট ভয়াবহ বন্যায় অন্তত ৩৯ জন নিহত হন। এছাড়া মধ্যাঞ্চলীয় হুবেই প্রদেশে বজ্রঝড় ও প্রবল বাতাসে আরও ১১ জনের মৃত্যু এবং ৩৩১ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

বিশেষজ্ঞদের মতে, জীবাশ্ম জ্বালানির অতিরিক্ত ব্যবহার এবং জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিশ্বজুড়ে ঘূর্ণিঝড়, টাইফুন, বন্যা ও তাপপ্রবাহের মতো চরম আবহাওয়া ক্রমেই আরও ঘন ঘন এবং তীব্র হয়ে উঠছে।

বিশ্বের সবচেয়ে বেশি গ্রিনহাউস গ্যাস নিঃসরণকারী দেশ হলেও নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে শীর্ষস্থানীয় দেশগুলোর একটি চীন। ২০৬০ সালের মধ্যে দেশটিকে কার্বন-নিরপেক্ষ অর্থনীতিতে রূপান্তরের লক্ষ্য নিয়ে কাজ করছে বেইজিং।

(ঢাকাটাইমস/২৬ জুলাই/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ভিসা ছাড়াই এশিয়ার ৬ দেশে ভ্রমণের সুযোগ বাংলাদেশিদের
আজ বঙ্গভবন ছাড়ছেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, চিকিৎসার জন্য যাচ্ছেন বিদেশে
তুরস্ক সফর শেষে দেশে প্রত্যাবর্তন করলেন সেনাবাহিনী প্রধান
দেশের ৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা