ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ৬ জনকে পুশ-ইনের চেষ্টা বিএসএফের, প্রতিহত করলো বিজিবি

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক ৬ জনকে বাংলাদেশে অবৈধভাবে পুশ-ইনের চেষ্টা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবি জানায়, শনিবার (২৫ জুলাই) ভোর ৫টা ১০ মিনিটের দিকে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)-এর আওতাধীন সামন্তা বিওপি এলাকার সীমান্ত পিলার ৫৫/এমপি সংলগ্ন গেট দিয়ে এ ঘটনা ঘটে।
এ সময় ভারতের ৫৯ বিএসএফ ব্যাটালিয়নের সিঙ্গামোড়া ক্যাম্পের সদস্যরা ৪ জন পুরুষ ও ২ জন নারীসহ মোট ৬ জন অজ্ঞাত ব্যক্তিকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে।
বিষয়টি সামন্তা বিওপির টহল দলের নজরে আসার পরপরই বিজিবি সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অবস্থান নেয় এবং ওই ব্যক্তিদের বাংলাদেশে প্রবেশে বাধা দেয়। বিজিবির তাৎক্ষণিক ও কঠোর অবস্থানের কারণে বিএসএফের পুশ-ইন প্রচেষ্টা ব্যর্থ হয়।
বর্তমানে ওই ৬ ব্যক্তি সীমান্তের শূন্যরেখা থেকে প্রায় ২০ গজ ভারতের অভ্যন্তরে অবস্থান করছেন বলে জানিয়েছে বিজিবি। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ইতোমধ্যে বিএসএফকে অবহিত করা হয়েছে।
বিজিবি আরও জানিয়েছে, সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, পুশ-ইন এবং আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করা হচ্ছে। সীমান্তের নিরাপত্তা নিশ্চিত ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বিজিবির টহল, নজরদারি ও অপারেশনাল কার্যক্রম অব্যাহত রয়েছে।
(ঢাকাটাইমস/২৫ জুলাই/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































