হাসিনাকে সরাতে লেগেছিল ৩৬ দিন, রাষ্ট্রপতিকে সরাতে বিএনপির লাগল ১৫৮ দিন

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর প্রতিক্রিয়া জানিয়েছে আমার বাংলাদেশ (এবি) পার্টি। দলটির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ এক যৌথ বিবৃতিতে দাবি করেছেন, রাষ্ট্রপতি অপসারণে বিএনপির দীর্ঘ সময় লেগেছে।
বিবৃতিতে তারা বলেন, জুলাইয়ের গণঅভ্যুত্থানের অংশীদারদের ঐকমত্যের ভিত্তিতে রাষ্ট্রপতি পদে থাকা বিতর্কিত ব্যক্তির অপসারণ বা পদত্যাগ চেয়েছিল এবি পার্টি। তবে ক্ষমতাসীন দল বিএনপি শুরু থেকেই এ বিষয়ে সম্মত ছিল না। এ ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তহীনতাকেও দায়ী করেন তারা।
এবি পার্টির নেতারা অভিযোগ করেন, বিএনপি বারবার সাংবিধানিক শূন্যতা ও রাষ্ট্রপতির অধীনে শপথ নেওয়ার বিষয়টি সামনে এনে সিদ্ধান্ত গ্রহণে প্রতিবন্ধকতা তৈরি করেছে। তাদের দাবি, সংসদে ইমপিচমেন্টের উদ্যোগ গ্রহণেও বিএনপি কার্যকর পদক্ষেপ নিতে পারেনি।
বিবৃতিতে বলা হয়, “চেপে বসা ফ্যাসিবাদের মূল শেখ হাসিনা, তার মন্ত্রিপরিষদসহ সংশ্লিষ্টদের সরাতে ছাত্র-জনতার মাত্র ৩৬ দিন সময় লেগেছিল। কিন্তু ফ্যাসিবাদের অংশীদার হিসেবে অভিযুক্ত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে সরাতে সংসদে দুই-তৃতীয়াংশ আসনে বিজয়ী বিএনপির লেগেছে ১৫৮ দিন।”
এবি পার্টির নেতারা আরও বলেন, রাষ্ট্রপতি অপসারণে এত সময় লাগার পেছনে কী উদ্দেশ্য কাজ করেছে, তা জনগণ বিবেচনা করবে।
তারা রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে ওঠা দুর্নীতি, ব্যাংকের অর্থ লুটপাট ও অর্থ পাচারের অভিযোগ তদন্ত করে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
উল্লেখ্য, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর রাজনৈতিক অঙ্গনে এ নিয়ে নানা প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
(ঢাকাটাইমস/২৫ জুলাই/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































