মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে আইইডি সদৃশ বস্তু উদ্ধার, নিষ্ক্রিয় করল পুলিশ

রাজধানীর মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে পরিত্যক্ত অবস্থায় থাকা আইইডি (ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস) সদৃশ একটি বস্তু উদ্ধার করে সফলভাবে নিষ্ক্রিয় করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বোম্ব ডিসপোজাল ইউনিট। এ ঘটনায় কোনো হতাহত বা সম্পদের ক্ষয়ক্ষতি হয়নি।
ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার সন্ধ্যা আনুমানিক ৬টা ১৫ মিনিট থেকে ৬টা ৩০ মিনিটের মধ্যে মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে দায়িত্বরত পুলিশ সদস্যরা একটি পরিত্যক্ত ছাতা দেখতে পান। সন্দেহ হওয়ায় ছাতাটি পরীক্ষা করে এর ভেতরে আইইডি সদৃশ একটি বস্তু দেখতে পান তাঁরা।
পরে পুলিশ সদস্যরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল কর্ডন করে নিরাপত্তাব্যবস্থা জোরদার করেন এবং ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেন।
খবর পেয়ে বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেন। পরে পেশাদারিত্বের সঙ্গে আইইডি সদৃশ বস্তুটি সফলভাবে নিষ্ক্রিয় করেন।
ডিএমপি জানিয়েছে, বস্তুটির প্রকৃত পরিচয় ও উৎস শনাক্ত করতে সংশ্লিষ্ট ইউনিট তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































