আন্দোলনের মধ্যেই ভারতে মোদির মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন প্রতিমন্ত্রী রাভনীত সিং বিট্টু

জেন-জি আন্দোলনে এক দিকে উত্তাল ভারতের রাজনৈতিক অঙ্গন। এমন পরিস্থিতিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন কেন্দ্রীয় রেল এবং খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প প্রতিমন্ত্রী রাভনীত সিং বিট্টু। গত জুন মাসেই রাজ্যসভার সদস্য হিসেবে তার মেয়াদ শেষ হয়। খবর এনডিটিভির।
আগামী বছর পাঞ্জাবে অনুষ্ঠেয় বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতির অংশ হিসেবেই বিট্টুর এ পদত্যাগের সিদ্ধান্ত এসেছে বলে ধারণা করা হচ্ছে। আম আদমি পার্টি (আপ) শাসিত পাঞ্জাবে বিজেপির সাংগঠনিক অবস্থান শক্তিশালী করতে তিনি দীর্ঘদিন ধরে সক্রিয়ভাবে কাজ করে আসছিলেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে রাভনীত সিং বিট্টু রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি লেখেন, ‘ভারত সরকারের প্রতিমন্ত্রী হিসেবে দেশকে সেবা করার সুযোগ দেওয়ার জন্য আমি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই।’
আরও এক বার্তায় তিনি বলেন, ‘ভারত এবং বিশেষ করে আমার প্রিয় পাঞ্জাবের মানুষের সেবা করতে পারা আমার জন্য বিরাট সৌভাগ্যের বিষয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে জনসেবা ও জাতীয়তাবাদের আদর্শে আমি প্রতিশ্রুতিবদ্ধ। নতুন উদ্যমে জনগণের সেবায় আমার যাত্রা অব্যাহত থাকবে।’
পাঞ্জাবের সাবেক মুখ্যমন্ত্রী বিয়ন্ত সিংয়ের নাতি রাভনীত সিং বিট্টু ২০২৪ সালে ভারতীয় জনতা পার্টিতে (বিজেপি) যোগ দেন। একই বছর অনুষ্ঠিত লোকসভা নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করলেও জয়ী হতে পারেননি। পরে কংগ্রেস নেতা কে. সি. ভেনুগোপালের শূন্য হওয়া আসনের অবশিষ্ট মেয়াদের জন্য রাজস্থান থেকে তাকে রাজ্যসভার সদস্য হিসেবে মনোনীত করা হয়। জুনে সেই মেয়াদ শেষ হওয়ার পর এবার কেন্দ্রীয় মন্ত্রিসভার দায়িত্ব থেকেও সরে দাঁড়ালেন তিনি।
(ঢাকাটাইমস/২৫ জুলাই/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































