ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় ৪৬৩ জন গ্রেপ্তার, মামলা ৪০

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৬৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিভিন্ন অভিযোগে ৪০টি মামলা দায়ের করা হয়েছে।
ডিএমপি জানিয়েছে, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য, অস্ত্র ও অন্যান্য সামগ্রীসহ এসব ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগে ৩১ জন, লালবাগ বিভাগে ৫৪ জন, ওয়ারী বিভাগে ৪৭ জন, মতিঝিল বিভাগে ৪৭ জন, তেজগাঁও বিভাগে ৬৩ জন, মিরপুর বিভাগে ১২৫ জন, গুলশান বিভাগে ৩৬ জন, উত্তরা বিভাগে ৫৯ জন এবং গোয়েন্দা বিভাগে ১ জন রয়েছেন।
অভিযানকালে তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে— ৭০ কেজি ১০০ গ্রাম গাঁজা, ১ হাজার ৬৫৩ পিস ইয়াবা, ৫০ পুরিয়া হেরোইন, ৮৬ বোতল এস্কাফ সিরাপ (ফেন্সিডিল), একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন, চার রাউন্ড গুলি, দুটি পিকআপ, সাতটি মোবাইল ফোন এবং মাদক বিক্রির নগদ ১৭ হাজার ৫৫০ টাকা।
এ ছাড়া অভিযান চলাকালে একজন ভিকটিমকেও উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ডিএমপি।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে। রাজধানীতে অপরাধ নিয়ন্ত্রণ ও মাদকবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে ডিএমপি।
(ঢাকাটাইমস/২৬ জুলাই/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































