ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিনের প্রথম কার্যদিবস শুরু

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে হাফিজ উদ্দিন আহমদের প্রথম কার্যদিবস শুরু হয়েছে ব্যস্ত কর্মসূচির মধ্য দিয়ে। আজ রবিবার (২৬ জুলাই) সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে তিনি দায়িত্ব পালনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেন।
সকাল ১১টায় জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানোর পর দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন হাফিজ উদ্দিন আহমদ।
আনুষ্ঠানিক কর্মসূচি শেষে রোববার দুপুরে বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতির নিয়মিত দাফতরিক কার্যক্রম পরিচালনা করার কথা রয়েছে তার।
এর আগে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করায় সংবিধান অনুযায়ী স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন।
এদিকে সদ্য বিদায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন রোববার দুপুরের মধ্যে বঙ্গভবন ছাড়বেন বলে জানা গেছে। এরপর তিনি রাজধানীর গুলশানে নিজস্ব ফ্ল্যাটে উঠবেন। তার নতুন বাসভবনে প্রয়োজনীয় প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে।
সংবিধান অনুযায়ী নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে শপথ নেওয়া পর্যন্ত ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে হাফিজ উদ্দিন আহমদ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন।
(ঢাকাটাইমস/২৬ জুলাই/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































