এইচএসসির স্থগিত পরীক্ষায় অংশ নিতে ২৯ জুলাইয়ের মধ্যে পুনরায় নিবন্ধনের নির্দেশ

বৈরী আবহাওয়ার কারণে স্থগিত হওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিতে ইচ্ছুক পরীক্ষার্থীদের পুনরায় নিবন্ধনের আহ্বান জানিয়েছে আন্তশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি। আগামী ২৯ জুলাইয়ের মধ্যে নিজ নিজ পরীক্ষাকেন্দ্রে উপস্থিত হয়ে প্রয়োজনীয় তথ্য জমা দিয়ে নিবন্ধন সম্পন্ন করতে হবে।
আন্তশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির নির্দেশনায় জানানো হয়েছে, প্রতিকূল আবহাওয়ার কারণে গত ১৩ জুলাই সাধারণ শিক্ষা বোর্ডগুলোর (চট্টগ্রাম শিক্ষা বোর্ড ছাড়া) পদার্থবিজ্ঞান প্রথমপত্র, হিসাববিজ্ঞান প্রথমপত্র ও যুক্তিবিদ্যা প্রথমপত্র পরীক্ষা স্থগিত করা হয়েছিল।
এ ছাড়া বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের ইংরেজি দ্বিতীয়পত্র এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অফিস ম্যানেজমেন্ট বিষয়ের পরীক্ষাও একই কারণে স্থগিত করা হয়।
কমিটির নির্দেশনায় আরও বলা হয়েছে, স্থগিত হওয়া এসব পরীক্ষায় অংশ নিতে আগ্রহী পরীক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট পরীক্ষাকেন্দ্রে গিয়ে পুনরায় নিবন্ধন সম্পন্ন করতে হবে।
তবে নির্ধারিত সময়সীমা ২৯ জুলাই অতিক্রমের পর পুনরায় নিবন্ধনের সুযোগ দেওয়া হবে কি না, সে বিষয়ে এখন পর্যন্ত কোনো নির্দেশনা দেওয়া হয়নি। তাই সংশ্লিষ্ট পরীক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যেই প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করার পরামর্শ দিয়েছে শিক্ষা বোর্ড।
(ঢাকাটাইমস/২৬ জুলাই/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































