এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ হবে? জানা গেল সম্ভাব্য তারিখ

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য তারিখ হিসেবে আগামী ৩০ জুলাই বিবেচনা করছে শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষা বোর্ডগুলো। প্রায় ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন পরীক্ষার্থী ফলের অপেক্ষায় থাকলেও নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ায় তাদের মধ্যে বাড়ছে উদ্বেগ।
শিক্ষা মন্ত্রণালয় ও বোর্ড সূত্র জানিয়েছে, চলতি মাসের মধ্যেই ফল প্রকাশের সব প্রস্তুতি শেষ করার লক্ষ্য নিয়ে কাজ চলছে। বোর্ড কর্মকর্তারা জানিয়েছেন, আগামী ২৭ থেকে ২৮ জুলাইয়ের মধ্যে ফলাফল প্রস্তুতের কাজ সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। এরপর শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে ফল প্রকাশের তারিখ নির্ধারণ করা হবে।
বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান জানান, প্রথমে ২০ জুলাইয়ের মধ্যে ফল প্রকাশের পরিকল্পনা ছিল। তবে বিভিন্ন কারণে তা সম্ভব হয়নি। বর্তমানে ২৭ বা ২৮ জুলাইয়ের মধ্যে সব প্রস্তুতি শেষ করার চেষ্টা চলছে। এরপর মন্ত্রণালয় যে তারিখ নির্ধারণ করবে, সেদিনই ফল প্রকাশ করা হবে।
শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, বোর্ডগুলো নির্ধারিত সময়ের মধ্যে ফল প্রস্তুত করতে পারলে ৩০ জুলাই ফল প্রকাশের সম্ভাবনা রয়েছে। প্রধানমন্ত্রীর সরকারি কর্মসূচি এবং ৩১ জুলাই সাপ্তাহিক ছুটির বিষয়টি বিবেচনায় নিয়ে ৩০ জুলাইকে সম্ভাব্য তারিখ হিসেবে দেখা হচ্ছে।
চলতি বছরের এসএসসি ও সমমানের লিখিত পরীক্ষা শেষ হয় ২০ মে। প্রচলিত নিয়ম অনুযায়ী, পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফল প্রকাশের কথা থাকলেও এবার সেই সময়সীমা অতিক্রম করেছে।
এর আগে, গত ২১ এপ্রিল শুরু হওয়া এসএসসি ও সমমান পরীক্ষায় অংশগ্রহণের জন্য নিবন্ধন করেন ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী। এর মধ্যে—
- সাধারণ ৯টি শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষার্থী: ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন
- মাদ্রাসা শিক্ষা বোর্ডের দাখিল পরীক্ষার্থী: ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন
- কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষার্থী: ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন
শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, এবারের পরীক্ষায় আগের বছরের তুলনায় পরীক্ষাকেন্দ্রে বহিষ্কারের ঘটনাও উল্লেখযোগ্যভাবে কম ছিল।
ফল প্রকাশের দিন শিক্ষার্থীরা শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট, এসএমএস ও সংশ্লিষ্ট মাধ্যমে ফল জানতে পারবেন।
(ঢাকাটাইমস/২৬ জুলাই/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































