ইরানে বড় ধরনের বিমান হামলা চালাল যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ৩০ জুলাই ২০২৬, ১০:০৯| আপডেট : ৩০ জুলাই ২০২৬, ১০:১০
অ- অ+

ইরানের বিভিন্ন সামরিক ও কৌশলগত স্থাপনাকে লক্ষ্য করে রাতভর ব্যাপক বিমান হামলা চালিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। হামলার পর দেশটির দক্ষিণাঞ্চলের একাধিক প্রদেশ ও দ্বীপে শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছে ইরানের বিভিন্ন গণমাধ্যম।

মার্কিন সময় বুধবার (২৯ জুলাই) রাত ৮টার দিকে (গ্রিনিচ মান সময় রাত ১২টা) হামলা শুরু হয়। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভির খবরে বলা হয়েছে, হামলার পর দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় ধারাবাহিক বিস্ফোরণের ঘটনা ঘটে।

ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি জানিয়েছে, দেশটির একমাত্র পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র অবস্থিত বুশেহর প্রদেশে বিমান হামলার পর শক্তিশালী বিস্ফোরণ হয়েছে। তবে পারমাণবিক স্থাপনাটির কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি না কিংবা হতাহতের ঘটনা ঘটেছে কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।

আইআরআইবির বরাতে খুজেস্তান প্রদেশের সহকারী নিরাপত্তা মন্ত্রী জানান, মার্কিন বাহিনী আবাদান এলাকার কয়েকটি নির্দিষ্ট স্থাপনায় হামলা চালিয়েছে। এছাড়া হরমোজগান প্রদেশের বন্দরনগরী বান্দর আব্বাস এবং কেশম, কিশ ও আবু মুসা দ্বীপেও ভারী বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

তবে হরমোজগান প্রদেশের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, সিরিক শহরে কোনো হামলার ঘটনা ঘটেনি।

এদিকে, ইরানের আধা-সরকারি তাসনিম সংবাদ সংস্থা জানিয়েছে, ফার্স প্রদেশের কাজরুন শহরের উপকণ্ঠেও মার্কিন বাহিনী বিমান হামলা চালিয়েছে। একই সময়ে কেশম দ্বীপের একটি লোকালয়ে ক্ষেপণাস্ত্র আঘাত হানে, যেখানে পরপর তিনটি বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে এসব ঘটনায় হতাহত বা ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিশ্চিত করা হয়নি।

অন্যদিকে, তাসনিম জানায়, কিশ দ্বীপে দুটি বড় ধরনের বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, দ্বীপটির বিমানবন্দর ও ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে এবং সেবায় কোনো বিঘ্ন ঘটেনি।

সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) হামলার লক্ষ্যবস্তু বা অভিযানের ফলাফল সম্পর্কে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কোনো বিবৃতি দেয়নি। একইভাবে ইরানও হতাহত বা অবকাঠামোগত ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ তথ্য প্রকাশ করেনি। পরিস্থিতি ঘিরে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।

(ঢাকাটাইমস/৩০ জুলাই/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হবিগঞ্জে ১৪৪ ধারা প্রত্যাহার
আকাশ প্রতিরক্ষা শক্তিশালী করতে চীনা ক্ষেপণাস্ত্র কিনছে ইরান
যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গর তিন দিন সফরে আজ ঢাকায় আসছেন
২০২৭ সালের পবিত্র রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা