জনস্বার্থে ৪৯ পুলিশ পরিদর্শককে অবসরে পাঠাল সরকার

পুলিশ পরিদর্শক পদমর্যাদার ৪৯ কর্মকর্তাকে অবসরে পাঠিয়েছে সরকার।
বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার এই প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়।
প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ পুলিশে কর্মরত ৪৯ কর্মকর্তার চাকরির মেয়াদ ২৫ বছর পূর্ণ হওয়ায় সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে তাদের সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হলো।
যা জানা যাচ্ছে
সরকারের প্রজ্ঞাপনে কর্মকর্তাদের অবসর দেওয়ার কারণ হিসেবে শুধু ‘জনস্বার্থে’ অবসর দেওয়ার কথা বলা হয়েছে। তাঁদের বিরুদ্ধে কোনো নির্দিষ্ট অভিযোগ বা কারণ প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়নি।
তবে সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে জানা গেছে, আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক কর্মসূচি নিয়ন্ত্রণ এবং বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন কার্যক্রমে এসব কর্মকর্তার কেউ কেউ সক্রিয় ছিলেন। বিশেষ করে বিএনপির রাজনৈতিক কর্মসূচি দমনে মাঠপর্যায়ে তাঁদের ভূমিকা নিয়ে দলের নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ ছিল বলে দাবি করা হচ্ছে।
আওয়ামী লীগ সরকারের আমলে দায়িত্ব পালনকালে তাঁদের কয়েকজন বিভিন্ন পদক ও পুরস্কারও পেয়েছেন বলে জানা গেছে। এর মধ্যে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম), রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) এবং আইজিপি ব্যাজ রয়েছে।
অবসরে যাওয়া কর্মকর্তাদের নামের তালিকা দেখুন
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































